দেহে আঘাতের চিহ্ন, পোশাক নেই! আর জি করে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধারে বিস্ফোরক অভিযোগ – Bengali News | Ex girl student, chest department pgt of R G Kar hospital dead body found, amit malviya raises question
কলকাতা: ধর্ষণ করে খুন? এক কর্তব্যরত মহিলা চিকিৎসকের মৃত্যু ঘিরে বিস্ফোরক অভিযোগ উঠছে কলকাতার আরজি কর হাসপাতালে। শুক্রবার সকাল সাড়ে ১১ টার সময় উদ্ধার হয় ওই চিকিৎসকের দেহ। চেস্ট মেডিসিন বিভাগের পিজিটি ওই মহিলা চিকিৎসক হাসপাতালে কর্তব্যরত ছিলেন। তার মধ্যে কীভাবে এই ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ইতিমধ্যেই চিকিৎসকের রহস্যমৃত্যুতে সরব হয়েছে বিজেপি।
হাসপাতাল সূত্রে খবর, এদিন সকালে হাসপাতালের কর্মীরাই দেখতে পান ওই চিকিৎসকের দেহ। অভিযোগ, সন্দেহজনক অবস্থায় পাওয়া গিয়েছে তাঁর দেহ। সহকর্মী ও চিকিৎসকেরা প্রাথমিকভাবে জানিয়েছেন, দেহে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া, দেহে পোশাক ছিল না বলেও সূত্রের খবর। এটা আত্মহত্যার ঘটনা হতে পারে না বলেই জানাচ্ছেন চিকিৎসকেরা।
ইতিমধ্যেই নিয়ম মেনে চিকিৎসকের দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ উপস্থিত হয়েছে ঘটনাস্থলে। ময়নাতদন্তের ভিডিয়োগ্রাফি করা হতে পারে বলেও জানা যাচ্ছে। সেই রিপোর্ট পাওয়ার পর স্পষ্ট হবে মৃত্যুর কারণ। হাসপাতাল কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনও মন্তব্য করতে চাইছে না। মুখে কুলুপ এঁটেছেন প্রায় প্রত্যেকেই।
এদিকে, এই ঘটনায় এক্স মাধ্যমে প্রশ্ন তুলেছেন বিজেপির আইটি সেলের অন্যতম সদস্য অমিত মালব্য। তিনি লিখেছেন, “সরকারি হাসপাতালের মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে। ডিউটি রুম থেকে উদ্ধার হয়েছে নগ্ন দেহ।” পুরো ঘটনা লুকনোর চেষ্টা হচ্ছে বলেও দাবি করেছেন তিনি।
অন্যদিকে, ‘স্বাস্থ্য ভবনের বক্তব্য, অভিযোগ যা করা হয়েছে তা নিশ্চিতভাবে গুরুতর। আইন আইনের পথে চলবে।’ ‘সত্য বেরিয়ে আসুক আমরাও চাই’, বলছেন স্বাস্থ্য ভবনের কর্তারা।