Howrah: হাওড়া লাইনে রেলযাত্রীরা ফের দুর্ভোগে, সাঁতরাগাছির আগেই থামল ট্রেন – Bengali News | Howrah Amta local Train service disrupted passenger facing problem
ট্রেন পরিষেবা বিঘ্নিত।Image Credit source: TV9 Bangla
হাওড়া: আবারও যাত্রী দুর্ভোগ দক্ষিণ পূর্ব রেলের হাওড়া-আমতা শাখায়। মঙ্গলবার অফিস টাইমে ডাউন আমতা-হাওড়া লোকালে যান্ত্রিক ত্রুটির জন্য দাঁড়িয়ে যায় ট্রেন। প্রায় দেড় ঘণ্টার বেশি সময় বাঁকরানয়াবাজ স্টেশনে ট্রেনটি দাঁড়িয়ে থাকে। অফিস টাইমে চরম বিপাকে পড়েন যাত্রীরা।
দীর্ঘ সময় ট্রেন না চলায় অনেকে বাড়ি ফিরে যেতে বাধ্য হন। অনেকে আবার হেঁটে সাতরাগাছি গিয়ে ট্রেনে কিংবা বাসে কাজে গন্তব্যে যান। সামনে ১১৬ নম্বর জাতীয় সড়ক। অনেকেই সেখানে গিয়ে গাড়ি ধরেন।
পলাশ দীর্ঘাঙ্গী নামে এক যাত্রী জানান, এই লাইনে ট্রেনের সমস্যা রোজের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এত দেরিতে ট্রেন চলে, যাত্রীদুর্ভোগ রোজকার ঘটনা। কিছুদিন আগেই এই ট্রেন দুর্ভোগ ঘিরে তুলকালাম হয়।
ওভারহেডের তারে গাছের ডাল পড়ে এমন বিপত্তি হয়, ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। আবারও সপ্তাহের শুরুতেই এক ঘটনা। যাত্রীদের অভিযোগ, দিনের পর দিন ট্রেন নিয়ে ভোগান্তি হচ্ছে। কাজের জায়গায় সময়মতো পৌঁছনো যাচ্ছে না। অনেকক্ষেত্রে মাইনে পর্যন্ত কাটা যাচ্ছে।
শেখ শহিদুল নামে এক যাত্রী বলেন, রোজকার এই যন্ত্রণা আর নেওয়া যাচ্ছে না। রোজ ট্রেনের ভোগান্তি। এত দেরিতে ট্রেন চলে, বাড়ি ফিরতে রাত ১টা পর্যন্ত বেজে যায়।
যাত্রীরা জানান, আজ ট্রেনের চাকা ও ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটির জন্য ট্রেন দাঁড়িয়ে যায়। দক্ষিণ পূর্ব রেল সূত্রে খবর, কী কারণে যান্ত্রিক ত্রুটি হল, তা খতিয়ে দেখা হচ্ছে। ইঞ্জিনিয়ররা ঘটনাস্থলে পৌঁছে পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করছেন।