‘যো হামারে সাথ, হাম উনকে সাথ’: মোদী সরকারকে চাঁছাছোলা আক্রমণ অভিষেকের – Bengali News | Abhishek Banerjee speech on Union Budget 2024 25
লোকসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়Image Credit source: Sansad TV
নয়া দিল্লি: মঙ্গলবার (২৪ জুলাই), লোকসভায় ২০২৪-২৫ সালের বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বুধবার এই বাজেটের উপর আলোচনায় মোদী সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কী বললেন তিনি, দেখে নিন এক নজরে –
- কর্মসংস্থানের ৫টি প্রকল্প এবং ৪ কোটি ১০ লক্ষ যুবকের দক্ষতা বৃদ্ধির জন্য অর্থমন্ত্রী ২ লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছেন। এর আগে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল প্রতি বছর ২ কোটি চাকরি দেওয়ার। সেই লক্ষ্য পূরণের ধারেকাছে তারা নেই। এখন তারা অবাস্তব লক্ষ্য স্থির করছে। দেশের যুব সম্প্রদায় তাদের ফাঁপা প্রতিশ্রুতি শুনতে চায় না। তারা চাকরি চায়।
- বাজেটের দ্বিতীয় অক্ষর ‘ইউ’। এটা আনএম্প্লয়মেন্ট, অর্থাৎ, বেকারত্বকে চিহ্নিত করে। গত জুন মাসে আমাদের দেশে বেকারত্বের হার পৌঁছেছিল ৯.২ শতাংশে। মোদীজিকি তিসরিবার, যুবা আভিভি বেরোজগার।
- বিজেপি সবকা সাথ সবকা বিকাশ-এর মন্ত্র ভুলে ‘যো হামারে সাথ, হাম উনকে সাথ’ মন্ত্রে চলছে। লোকসভা, রাজ্যসভায় বিজেপির একজনও মুসলিম সদস্য নেই। সংসদে বৈচিত্রের অভাবে, সংসদে সংখ্যালঘুদের আকাঙ্খা পূরণ হচ্ছে না। সরকারি নীতি অসাম্যকে বাহবা দিচ্ছে। তাই লোকসভা নির্বাচনে মোদী সরকারকে তারা প্রত্যাখ্যান করেছে।
- মোদী সরকার নাগরিক, গৃহবধু, দিনমজুর ও কৃষকদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এক বছরে ভেজ থালির দাম ৮ শতাংশ বেড়েছে। পেঁয়াজের দাম ৪৩ শতাংশ, টমাটো ৪১ শতাংশ, আলু ৩৯ শতাংশ। এলপিজি গ্যাসের দাম বেড়ে ২০২৩-এ হয়েছিল ১১০০ টাকা। এদিকে মানুষের সঞ্চয় ৫০ বছরে সবথেকে কম অবস্থায় পৌঁছেছে।
- BUDGET – বাজেটের এই ছয়টি শব্দের অর্থ আলাদা আলাদা করে ব্যাখ্যা করবেন বলে জানালেন অভিষেক। প্রথমেই বললেন ইংরাজি ‘বি’ শব্দটির অর্থ ‘বিট্রেয়াল’ অর্থাৎ বিশ্বাসঘাতকতা।