Gold Price: এই সুযোগ, কিনে ফেলুন সোনা-রুপো! বাজেটের পরই দাম কমল ৪,০০০ টাকা – Bengali News | Gold, Silver Prices Today: Check Latest Rates After Budget 2024 Import Duty Cut Announcement
প্রতীকী ছবি (কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি)Image Credit source: Meta AI
মুম্বই: মঙ্গলবার (২৩ জুলাই) বাজেটে সোনা ও রুপোর আমদানি শুল্ক ১৫ শতাংশ থেকে কমিয়ে ৬ শতাংশ করার ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এর আগে, সোনা ও রুপোর ১৫% আমদানি শুল্কের মধ্যে বেসিক কাস্টমস ডিউটি বা বিসিডি (BCD) ছিল ১০%। তা কমিয়ে ৫% করা হয়েছে। আর কৃষি অবকাঠামো উন্নয়নের সেস ৫% থেকে ১% শতাংশে নামিয়ে আনা হয়েছে। বলাই বাহুল্য, সরকারের এই পদক্ষেপে ভারতে এই দুই মূল্যবান ধাতুর দাম অনেকটাই কমবে। লাভবান হবেন উপভোক্তারা। একই সঙ্গে সরকারের এই পদক্ষেপে বাজারে এই দুই ধাতুর চাহিদা বাড়বে বলে আশা করা হচ্ছে। তবে, আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি এবং ভূ-রাজনৈতিক উত্তেজনা ভবিষ্যতের এই প্রবণতাকে প্রভাবিত করতে পারে। তবে, আপাতত বাজেট পেশের পরই, এক ধাক্কায় অনেকটাই কমল সোনা ও রুপোর দাম।
অর্থমন্ত্রীর শুল্ক কমানোর ঘোষণার পরই, মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) প্রতি ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম ৭২,৮৩৮ টাকা থেকে কমে ৬৮,৫০০ টাকা হয়েছে। অর্থাৎ, সোনার দাম কমল ৪,০০০ টাকা। আন্তর্জাতিক বাজারেও একই প্রবণতা বজায় রয়েছে। প্রতি আউন্স (২৮.৩৫ গ্রাম) সোনার দাম রয়েছে ২৩৯৭.১৩ ডলার বা ২ লক্ষ টাকার বেশি। বাজার বিশেষজ্ঞদের মতে, এটা সোনার বাজারে একটি নির্দিষ্ট স্তরের স্থিতিশীলতার ইঙ্গিতবাহী। এমসিএক্সে রুপোর দামও উল্লেখযোগ্য পরিমাণে কমেছে। ৮৮,৯৯৫ টাকা প্রতি কেজি দিয়ে বাজার শুরু হয়েছিল। সেখান থেকে কমে ইন্ট্রাডে ট্রেডে প্রতি কেজি রুপোর দাম ৮৪,২৭৫ টাকা হয়েছে।
একইভাবে বাজেট ঘোষণার পর, ভারতের স্পট মার্কেট বা নগদ বাজারেও সোনা এবং রুপোর দাম যথাক্রমে প্রায় ২৫০ টাকা এবং ৪০০ টাকা করে কমেছে। বাজেট ঘোষণার পর দুপুর ২টো পর্যন্ত স্পট মার্কেটে ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনা বিক্রি হচ্ছে ৭৩,৫৮০ টাকায়। আর প্রতি কেজি রুপোর দাম কমে ৯১,১০০ টাকা হয়েছে। স্পট মার্কেট হল একটি সর্বজনীন আর্থিক বাজার, যেখানে আর্থিক উপকরণ বা পণ্যগুলি অবিলম্বে সরবরাহের জন্য লেনদেন করা হয়।
সোনা ও রুপোর দাম কমার পর, ‘জিওজিত ফিন্যান্সিয়াল সার্ভিসেস’-এর হেড অব কমোডিটিস, হরিশ ভি বলেছেন এর ফলে মূল্যবান ধাতুর চাহিদা বৃদ্ধি পেতে পারে। ‘অগমন্ট – গোল্ড ফর অল’-এর ডিরেক্টর শচীন কোঠারি একে একটি ইতিবাচক উন্নয়ন বলেছেন। বিঘ্নহর্তা গোল্ড লিমিটেডের চেয়ারম্যান মহেন্দ্র লুনিয়ার মতে, এটা বিনিয়োগকারীদের জন্য ইতিবাচক পদক্ষেপ, বিশেষ করে সার্বভৌম গোল্ড বন্ডের মতো ডিজিটাল বিকল্পগুলিতে লগ্নি বাড়তে পারে। তবে এরপরও, ভূ-রাজনৈতিক উত্তেজনার ফলে সোনা-রুপোর দাম বাড়তে পারে। প্রসঙ্গত, গত কয়েক বছর ধরে রফতানি ও উৎপাদন বাড়াতে মূল্যবান ধাতুর উপর শুল্ক কমানোর দাবি জানিয়ে আসছিলেন রত্ন ও গয়না রফতানিকারকরা। বাজেটের ঘোষণা তাঁদের স্বস্তি দিতে পারে।