Mosquito Bites: মশা কামড়ে পা ফুলিয়ে দিয়েছে? এই টোটকা কাজে লাগান সেকেন্ডের মধ্যে কমবে চুলকানি – Bengali News | Home remedies for mosquito bites: Easy tips for itch relief
বর্ষাকাল এলেই বাড়ে মশার উপদ্রব। এই মরশুম থেকেই বাড়তে থাকে ডেঙ্গি-ম্যালেরিয়ার প্রকোপ। যে কারণে প্রথম থেকে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়। বাড়ির আশেপাশে, কোনও ভাঙা পাত্রে জল জমতে দেবেন না। দরজা-জানলায় নেট লাগান। রাতে মশারি টাঙিয়ে ঘুমান। রাস্তায় বেরোলে মসকিউটো রিপেলেন্টের স্প্রে বা ক্রিম ব্যবহার করুন। এরপরও যদি মশা কামড়ায় তখন কী করবেন? অনেক সময় মশা কামড়ে চামড়া ফুলিয়ে দেয়। চুলকানি থামতে চায় না। এই অবস্থায় কাজে লাগাতে পারেন কিছু ঘরোয়া টোটকা। এতে ত্বকের অ্যালার্জি কমবে।
বরফ: ত্বকে যে অংশে মশা কামড়েছে, চুলকানি হচ্ছে, সেখানে বরফ লাগান। কোল্ড কমপ্রেস করলে ওই অংশের প্রদাহ কমে এবং রক্ত সঞ্চালন সচল হয়। এতে মুহূর্তের মধ্যে চুলকানিও কমে যাবে।
অ্যাপেল সিডার ভিনিগার: মশার কামড়ের উপর অ্যাপেল সিডার ভিনিগার মাখুন। এর অ্যাসিডিক বৈশিষ্ট্য জ্বালাভাব কমায় এবং চুলকানি থেকে মুক্তি দেয়। পাশাপাশি ত্বকের পিএইচ স্তরের ভারসাম্য বজায় রাখে।
মাজন: দাঁত মাজার মাজন শুধু মুখগহ্বরের স্বাস্থ্য বজায় রাখে না। ত্বকের চুলকানি কমাতেও সহায়ক টুথপেস্ট। মশার কামড়ের উপর অল্প পরিমাণে দাঁত মাজার মাজন লাগিয়ে নিন। যে সব মাজনে পুদিনা বা মেন্থল ফ্লেভার রয়েছে, সেগুলো ব্যবহার করতে পারেন। এটি ত্বকের উপর শীতলতা প্রদান করে এবং চুলকানি কমায়।
পেঁয়াজ: এই সবজির হাজারো স্বাস্থ্য উপকারিতা রয়েছে। পেঁয়াজের মধ্যে প্রাকৃতিক অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান রয়েছে। এটি ত্বকের জ্বালাভাব ও চুলকানি কমাতে সাহায্য করে। মশার কামড়ের উপর একটু কাঁচা পেঁয়াজ ঘষতে পারেন।
শসা: ত্বকে শীতলতা প্রদান করে শসা। ত্বকের প্রদাহ কমাবে এবং চুলকানি থেকে মুক্তি দিতে সহায়ক শসা। শসায় ব্যবহার করলে অ্যালার্জি, র্যাশের হাত থেকে মুক্তি মেলে। মশা কামড়ালে শসা লাগান। মিনিটের মধ্যে ত্বকে স্বস্তি মিলবে।
তুলসি পাতা: ছাদে গিয়ে মশার কামড় খেতে হয়েছে? ছাদবাগানে থাকা তুলসি গাছ থেকে কয়েকটা পাতা ছিঁড়ে সরাসরি ত্বকে ঘষে নিন। দেখবেন, সেকেন্ডের মধ্যে আরাম মিলছে।
রসুন: রসুনের মধ্যে অ্যান্টি-ইনফ্লেমেটরি ও অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান রয়েছে, যা চুলকানি থেকে মুক্তি দেয়। রসুন থেঁতো করে নিন। নারকেল তেলের সঙ্গে মিশিয়ে মশার কামড়ের উপর লাগান। কয়েক মিনিট রেখে ধুয়ে ফেলুন।