‘…ওই সময় দীপঙ্কর অপলক তাকিয়ে থাকেন আমার দিকে,’ বলেন লাজুক দোলন – Bengali News | This is what dolon roy said about her husband dipankar dey
৫ জুলাই ৮০ বছরে পা দিয়েছেন অভিনেতা দীপঙ্কর দে। জীবনের অনেক ওঠানামা দেখেছেন মানুষটি। সন্তান শোক পেয়েছেন। বড় কন্যাকে হারিয়েছেন। হাজার ওঠানামার মধ্যে যে মানুষটি তাঁর পাশে সবসময় রয়েছেন, তিনি হলেন স্ত্রী অভিনেত্রী দোলন রায়। তাঁদের সম্পর্কের রসায়নকে দিলীপ কুমার ও সায়রা বানুর নাম দিয়েছেন দোলন। শেষ নিঃশ্বাস পর্যন্ত দিলীপ কুমারকে যেভাবে আগলে রেখেছিলেন সায়রা, ঠিক তেমনই দীপঙ্করকে আগলে রাখেন দোলন। আর তাঁর আটপৌরে স্ত্রীকে চোখে হারান প্রবীণ অভিনেতা।
প্রথম স্ত্রীর সঙ্গে প্রেম করে বিয়ে করেছিলেন দীপঙ্কর দে। তিনি ছিলেন অ্যাংলো ইন্ডিয়ান। বাঙালি রীতিনীতি, আচার-বিচার থেকে ছিলেন খানিকটাই দূরে। তাঁর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার বেশ কয়েক বছর পর দোলনের সঙ্গে সম্পর্কে জড়ান দীপঙ্কর। প্রায় বাবার বয়সি এক পুরুষের সঙ্গে সম্পর্ক রাখায় ঝড় ওঠে দোলনের পরিবারে। দীপঙ্কর যে তাঁর চেয়ে ২৬ বছরের বড়! তবে বয়সের এই ফারাক কখনওই দূরে ঠেলে দেয়নি দুটি মনকে। সময়ের সঙ্গে সব স্বাভাবিক হয়ে যায়।
বাঙালি বাড়ির এই মেয়ে দোলন পুজো-অর্চনার দিনে আটপৌরে শাড়ি পরেন। দেব-দেবীর আরাধনা করেন। তখন লাল পাড় সাদা শাড়িতে দোলনকে মুগ্ধ নয়নে দেখতে থাকেন তাঁর স্বামী দীপঙ্কর। এক একান্ত সাক্ষাৎকারে টিভি নাইন বাংলা ডিজিটালকে দোলন বলেছিলেন, “আমার স্বামী এই বিষয়গুলো খুব মিস করেছেন তাঁর প্রথম স্ত্রীর ক্ষেত্রে। তিনি ছিলেন অ্যাংলো ইন্ডিয়ান। কিছুই মানতেন না। তাই আমি যখন শাড়ি পরে হিন্দু রীতি পালন করি, আমার স্বামী দীপঙ্কর মুগ্ধ নয়নের চেয়ে থাকেন আমার দিকে। ওর সেই তাকিয়ে থাকা আমি উপভোগ করি…।”