Bankura: কলকাতায় ক্যাব বুক করেছিল ৩ যুবক, বাঁকুড়ায় হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার চালক, তারপর যা হল শুনলে চমকে উঠবেন – Bengali News | Three youths booked a cab in Kolkata and stole it and fled to Bihar
পুলিশি অভিযানেই সাফল্য Image Credit source: TV-9 Bangla
শালতোড়: কলকাতা থেকে ঝালদা যাওয়ার নাম করে নামী ক্যব সংস্থার গাড়িতে উঠেছিল তিন যুবক। নিখুঁত পরিকল্পনা মতো রাস্তার মাঝে ক্যবের চালকের সর্বস্ব লুঠ করে চালকের হাত পা বেঁধে ফেলে রেখে গাড়ি নিয়ে পড়শি রাজ্যে চম্পট দিয়েছিল তিনজনই। কিন্তু শেষ রক্ষা হল না। তদন্তে নেমে বিহার থেকে খোয়া যাওয়া গাড়ি উদ্ধারের পাশাপাশি পুলিশি তদন্তে পর্দা ফাঁস আন্তঃরাজ্য গাড়ি পাচার চক্রের।
জানা গিয়েছে, গত ১৭ মার্চ কলকাতার গিরিশ পার্ক এলাকা থেকে পুরুলিয়ার ঝালদা যাওয়ার নাম করে একটি নামী সংস্থার ক্যাব বুক করেন তিন যুবক। ক্যাব নিয়ে সম্রাট মিশ্র নামের এক ক্যাব চালক হাজির হলে তিন যুবক তাঁর গাড়িতে চড়ে ঝালদার উদ্দেশ্যে রওনা হন। অভিযোগ গাড়ি নিয়ে বাঁকুড়ার শালতোড়া থানার বিহারীনাথের উপর দিয়ে যাওয়ার সময় আচমকাই গাড়ির ওই তিন যাত্রী ক্যব চালককে ছুরি দেখিয়ে দুটি মোবাইল ও নগদ টাকা সহ ক্যাব চালকের সর্বস্ব লুঠ করে নেয়। এরপর ক্যাব চালকের হাত পা বেঁধে গাড়ি নিয়ে চম্পট দেয়।
পরের দিন ওই ক্যাব চালক শালতোড়া থানার দ্বারস্থ হয়ে অভিযোগ দায়ের করেন। এরপরই ঘটনার তদন্তে নামে পুলিশ। বিভিন্ন সূত্র কাজে লাগিয়ে বিহারের গিরিডি থেকে সঞ্জিত কুমার রবিদাসকে গ্রেফতার করে। যে তিনজন যাত্রী গাড়ি চুরি করেছিল এই সঞ্জিত কুমার রবিদাস ছিল তাদের মধ্যে অন্যতম। সঞ্জিত জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে ক্যাব বুকিংয়ের জন্য যে মোবাইল নম্বর ব্যবহার করা হয়েছিল সেই নম্বরের সিম কার্ড সরবরাহ করেছিল বিহারের বাঁকা জেলার বাসিন্দা বিকাশ কুমার ও বিজয় কুমার। বিকাশ ও বিজয়কে গ্রেফতারের পাশাপাশি খোয়া যাওয়া গাড়ি উদ্ধারে কোমর বেঁধে নামেন তদন্তকারীরা।
এই খবরটিও পড়ুন
একাধিক সূত্র ও জিজ্ঞাসাবাদে সঞ্জিত কুমার রবিদাসের কাছ থেকে পাওয়া তথ্য মিলিয়ে গতকাল শালতোড়া থানার পুলিশ হানা দেয় বিহারের পুর্ব চম্পারণ জেলায়। সেখানে বিকাশ সাহানি নামের স্থানীয় এক গাড়ি চালককে গ্রেফতার করে শালতোড়া থানার পুলিশ। পুলিশ জানিয়েছে বিকাশ সাহানি মোটা টাকার বিনিময়ে খোয়া যাওয়া গাড়িটি কিনেছিল চোরাচালান চক্রের কাছ থেকে। ধৃতকে এদিন বাঁকুড়া জেলা আদালতে পেশ করছে পুলিশ। পুলিশ জানাচ্ছে, এখনও পর্যন্ত গাড়ি চুরি ও চোরাচালানের সঙ্গে যুক্ত চার জনকে গ্রেফতার করা হয়েছে। তবে কিং পিনের এখনও দেখা মেলেনি। দলের অন্যান্যদের খোঁজেও শুরু হয়েছে তল্লাশি।