Rahul Gandhi at Hathras: হাথরসে রাহুল গান্ধী, দিলেন ‘এই’ আশ্বাস, চাপে যোগী প্রশাসন – Bengali News | Rahul gandhi at hathras to meet stampede victims family
হাথরসে হতাহতদের পরিবারবর্গের সঙ্গে রাহুল গান্ধীImage Credit source: Twitter
নয়া দিল্লি: হাথরসে এলেন রাহুল গান্ধী। শুক্রবার সকালেই নয়া দিল্লি থেকে উত্তর প্রদেশের হাথরসের উদ্দেশে রওনা দেন লোকসভার বিরোধী দলনেতা। গত সোমবার হাথরসে এক ধর্মগুরুর সৎসঙ্গে পদপিষ্টের ঘটনায় ১২১ জনের মৃত্যু হয়েছে। যার অধঘিকাংশই মহিলা, কয়েকজন শিশুও রয়েছে। এদিন, হতাহতদের পরিবারের সঙ্গে দেখা করবেন রাহুল। ইতিমধ্য়েই তিনি আলিগড়ের পিলাখনা গ্রামে পৌঁছে গিয়েছেন। এই গ্রামেও পদপিষ্ট হয়ে নিহত হওয়া বেশ কয়েকজনের পরিবার থাকে। তাঁদের সঙ্গে দেখা করেছেন রাহুল গান্ধী। আহতদের সঙ্গে কথা লতে দেখা যায় তাঁকে। বুধবারই, হাথরসে গিয়ে হতাহতদের সঙ্গে দেখা করেছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তারপরই, লোকসভার বিরোধী দলনেতাকে দেখা গেল হাথরসের পথে।
এদিকে, বৃহস্পতিবার উত্তর প্রদেশ পুলিশ হাথরসের ওই ধর্মসভার আয়োজকদের ছয়জনকে গ্রেফতার করেছে। আলিগড় রেঞ্জের পুলিশ আইজি, শলভ মাথুর জানিয়েছেন ছয় জনই বাবাজির ঘনিষ্ঠ স্বেচ্ছাসেবক। প্রধান অভিযুক্ত দেবপ্রকাশ মধুকর এখনও পলাতক। পুলিশ তাঁকে ধরিয়ে দেওয়ার জন্য ১ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে। শলভ মাথুর জানিয়েছেন, তার বিরুদ্ধে একটি জামিন অযোগ্য ধারায় পরোয়ানাও জারি করা হবে।
তবে এখনও পর্যন্ত পুলিশের এফআইআর-এ নাম নেই সুরজ পাল ওরফে নারায়ণ সাকার হরি ওরফে ভোলে বাবার। এই বাবাজির সৎসঙ্গকে কেন্দ্র করেই ঘটে গিয়েছে এত বড় বিপর্যয়। তবে প্রয়োজনে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে উত্তর প্রদেশ পুলিশ। বৃহস্পতিবার, তাঁর মৈনপুরীর আশ্রমে গিয়ে তল্লাশিও চালায় পুলিশ। কিন্তু, সেখানেও বাবাজির দেখা পাওয়া যায়নি। ঘটনার পর থেকেই আর তিনি প্রকাশ্যে আসেননি। প্রশাসনের প্রাথমিক প্রতিবেদন অনুসারে, ভোলে বাবা অনুষ্ঠানস্থল ত্যাগ করার পরই পদপিষ্টের ঘটনা ঘটে। ভক্তরা তাঁর পায়ের চরণধূলী সংগ্রহ করতে ছুটে এসেছিল। ভোলে বাবার আইনজীবী জানিয়েছেন, বাবাজি কর্তৃপক্ষকে সহযোগিতা করবেন। তাঁর দাবি, কিছু সমাজবিরোধীর ষড়যন্ত্রে এই ঘটনা ঘটেছে।