Lake Gardens Shooting: ‘মেয়েটি আমার বউ’, আবার বলছেন ‘গার্লফ্রেন্ড’! গেস্ট হাউজকাণ্ডে নয়া তথ্য – Bengali News | A recent shooting incident at a guest house in the Lake Town area of Kolkata has revealed some surprising information
গেস্ট হাউজে দেহ উদ্ধার। Image Credit source: TV9 Bangla
কলকাতা: লেক থানা এলাকায় গেস্ট হাউজকাণ্ডে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। লেক থানার অন্তর্গত নিউ মেট্রো গেস্ট হাউজে গুলি চলার ঘটনায় কলকাতা পুলিশের আধিকারিকেরা গেস্ট হাউজের ঘর থেকে উদ্ধার করেছেন সুইসাইড নোট। পুলিশ সূত্রে খবর, সেই সুইসাইড নোট সাড়ে ৫ পাতার। যার পরতে পরতে রহস্য।
সুইসাইড নোটে আত্মঘাতী যুবক কোথাও বলেছেন ‘মেয়েটি আমার বউ’, কখনও লিখেছেন মেয়েটি তাঁর ‘গার্লফ্রেন্ড’। এ থেকে তদন্তকারীদের অনুমান, আত্মঘাতী যুবক বেশ কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। আত্মঘাতী যুবকের পরিবার এবং বন্ধুদের সঙ্গে কথা বলছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।
ইতিমধ্যেই পরিবারের বেশ কিছু সদস্যের সঙ্গে কথা হয়েছে পুলিশের। তাঁরা জানাচ্ছেন, ওই যুবক প্রায় দু’মাস ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। সূত্রের খবর, সুইসাইড নোটে রাকেশকুমার সাউ নামে ওই যুবক লেখেন, ওই যুবতী ও তিনি একইসঙ্গে একই পাড়ায় বড় হয়েছেন। সেই সূত্রেই তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। এমনও নাকি সুইসাইড নোটে উল্লেখ রয়েছে, তাঁদের বিয়ের মাঝে জাতিগত পার্থক্য একটা বাধা হয়ে দাঁড়ায়। এরইমধ্যে করোনার সময় তাঁদের সম্পর্কে ছেদ পড়ে।
আত্মঘাতী যুবক সিভিল ডিফেন্স ভলান্টিয়ার্সের কাজ করতেন। তাঁর কাছে একটি বেআইনি অস্ত্র ছিল। কোথা থেকে তিনি তা পেলেন তাও খতিয়ে দেখা হচ্ছে। গেস্ট হাউজে সিসি ক্যামেরায় কোনও স্টোরেজ নেই, এমনটাই লালাবাজারের দাবি। তাই আশেপাশের বাড়িগুলো সিসিটিভি ফুটেজ লালবাজার সংগ্রহ করেছে। কিন্তু সেখান থেকে বিস্তারিত কিছু বোঝা সম্ভব নয়। কেউ ঢুকলে বা বেরোলে তা বোঝা সম্ভব নয় এমনটাই তদন্তকারীদের সূত্রে খবর।