Kalna: চায়ের গুমটি দোকানে সবেমাত্র মুড়ি খেতে বসেছিলেন, মাথা ফুঁড়ে বেরিয়ে যায় ঘিলু – Bengali News | Kalna A youth was allegedly shot dead in Kalna
কালনায় যুবককে গুলি করে খুনImage Credit source: TV9 Bangla
কালনা: মুড়ি চানাচুর মেখে গ্রাসটা মুখে তুলছিলেন। উল্টোদিক থেকে ধেয়ে আসে বুলেট। ফুঁড়ে যায় মাথা। কালনা শহরে স্টেশন সংলগ্ন মধুবন এলাকায় গুলি করে এক যুবককে খুনের অভিযোগ উঠল। পুলিশ জানিয়েছে, মৃতের নাম রাজা। তিনি আদতে হুলির চুঁচু়ড়ার বাসিন্দা। কিন্তু কাজের সূত্রে কালনা থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, সোমবার রাত ১০ টা নাগাদ কালনা স্টেশন সংলগ্ন মধুবন এলাকায় একটি গুমটির দোকানে বসেছিলেন রাজা। দোকানের ভিতরেই খাবার খাচ্ছিলেন। তখনই দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। জানা যাচ্ছে, দোকানের ভিতরেই আচমকা ঢুকে পড়ে দুষ্কৃতীরা। রাজা কিছু বুঝে ওঠার আগেই তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলি একেবারে রাজার মাথা ফুঁড়ে যায়। স্থানীয় দোকানিরা জানাচ্ছেন, রাজার মাথায় গুলি করার পর শূন্যে গুলি চালাতে চালাতে দুষ্কৃতীরা বাইকে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় রাজার। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।
জানা যাচ্ছে, কালনার বাসিন্দা স্বপন মাঝির চায়ের গুমটিতে গত তিন মাস ধরে কাজ করতেন রাজা। পুলিশ প্রাথমিকভাবে মনে করছে, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়েছে বলে মনে করা হচ্ছে। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।