T20 World Cup 2024: অনেক হল এ বার এসো, তর সইছে না… বিশ্বকাপ জিতেই রোহিতকে হাঁকডাক হার্দিকের – Bengali News | Rohit Sharma says Hard to sum up what we’ve been through in last 3 4 year after India won T20 World Cup 2024
T20 World Cup 2024: অনেক হল এ বার এসো, তর সইছে না… বিশ্বকাপ জিতেই রোহিতকে হাঁকডাক হার্দিকের
Image Credit source: AFP
কলকাতা: সত্যি বলি… এই অনুভূতি বলে বোঝানো কঠিন। এমন কথাই শোনা গেল ভারতের বিশ্বজয়ী ক্যাপ্টেন রোহিত শর্মার মুখে। ১৯৮৩ সালে কপিল দেব ভারতকে প্রথম ওডিআই বিশ্বকাপ জিতিয়েছিলেন। এরপর ২০০৭ ও ২০১১ সালে যথাক্রমে টি-২০ ও ওডিআই বিশ্বকাপ ট্রফি ভারতকে এনে দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। এ বার কপিল-ধোনিদের এলিট লিস্টে নাম জুড়ল রোহিত শর্মার। গত কয়েক বছরের পরিশ্রমের ফল এই বিশ্বকাপ জয়। বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে রোহিত এ কথাই বলে গেলেন। বিশ্বকাপ (T20 World Cup 2024) ফাইনালের পর রোহিত যখন নিজের অনুভূতি, দলের সকলের অবদানের কথা বলছিলেন সেই সময় হঠাৎ হাঁকডাক দিতে থাকেন হার্দিক পান্ডিয়া।
দক্ষিণ আফ্রিকাকে ফাইনালে ৭ রানে হারিয়ে ইতিহাস গড়েছে টিম ইন্ডিয়া। টি-২০ বিশ্বকাপের ইতিহাসে ভারত প্রথম টিম, যারা অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হল। ম্যাচের শেষে রোহিত বলেন, ‘গত ৩-৪ বছরে আমরা যা করেছি, সেটা ছোট্ট করে বলাটা কঠিন। এই সাফল্যের পিছনে অনেক কিছুর অবদান রয়েছে। চাপ নিয়েও যে ভাবে খেলে সফল হতে হয়, দলের ছেলেরা সেটা দেখিয়েছে। আমরা প্রবল ভাবে ম্যাচটা জিততে চাইছিলাম। দলের সকলের পরিশ্রমের ফল পাওয়া গেল। টিমের জন্য আমি গর্বিত। ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাতে হয়। তারা আমাদের উপর ভরসা রেখেছে এবং স্বাধীন ভাবে খেলার সুযোগ দিয়েছে।’
রোহিত যখন খুশি প্রকাশ করতে ব্যস্ত সেই সময় হাঁকডাক শুরু করেন হার্দিক। কারণ? আসলে রোহিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময় পুরো টিমের পরিশ্রমের কথা বলছিলেন। সঞ্চালকের একের পর এক প্রশ্নের উত্তর দিচ্ছিলেন রোহিত। সেই সময় ভারতের বাকি ক্রিকেটাররা চ্যাম্পিয়নের মেডেল পরে রোহিতের ট্রফি আনার অপেক্ষা করছিলেন। একে ১৭ বছরের প্রতীক্ষা, তা আর লম্বা করতে চাননি হার্দিক। তাই ইশারা করে রোহিতকে ট্রফি আনার জন্য ডাকেন। সঞ্চালক সেই বার্তা রোহিতকে জানানও।