Weather Update: নিম্নচাপের করাল গ্রাসে বাংলা, ভারী বৃষ্টির মধ্যেই বুধবার থেকে আরও বড় অশনিসংকেত – Bengali News | Monsoon has arrived, West Bengal may see heavy rain in some districts in the next few days
কলকাতা: শুক্রবারের পর শনিবার সকাল থেকেও মুখভার আকাশের। আরও শক্তি বাড়িয়েছে নিম্নচাপ। বাংলায় কোথাও বিক্ষিপ্ত কোথাও আবার ভারী বৃষ্টি চলছে শনিবার ভর থেকেই। হাওয়া অফিস বলছে বর্তমানে নিম্নচাপটি অবস্থান করছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। তবে দক্ষিণ-পশ্চিম দিকে ঝুঁকে আছে এই সিস্টেম। এটি ছাড়াও আবহাওয়া দফতর বলছে আরও একটি পূর্ব পশ্চিম অক্ষরেখা রয়েছে উত্তরপ্রদেশ থেকে ঝাড়খণ্ডের উপরে। পূর্বাভাস বলছে, আগামী কয়েকদিন বৃষ্টির ছবিই দেখা যাবে গোটা বঙ্গে। শুক্রবার পর্যন্ত পশ্চিমবঙ্গের সবকটি জেলাতে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা।
দক্ষিণবঙ্গে সবথেকে বেশি বৃষ্টি হতে পারে আগামী বুধবার থেকে। ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়া, দার্জিলিং এবং কালিম্পংয়ে। শনিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সর্তকতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে।
এই খবরটিও পড়ুন
১ জুলাই ভারী থেকে অতি ভারী বর্ষণের সর্তকতা জারি করা থাকছে উত্তরবঙ্গের পাঁচটি জেলায়। তালিকায় রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার। ভারী বৃষ্টির সর্তকতা থাকছে উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে। ২ জুলাইও দেখা যাবে একই ছবি। তবে ওই দিন দক্ষিবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে না। কিন্তু ৩ জুলাই বুধবার ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়ায়। অন্যদিকে ভারী বর্ষণের সতর্কতা থাকছে উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে।