রাহার মুখে বিরক্তির ছাপ, ২৫০ কোটির সম্পত্তির তদারকিতে খুদে কাপুর – Bengali News | Raha kapoor resent video goes viral on internet what happened to her
দেখতে দেখতে বয়স হল দেড় বছর। কাপুর পরিবাররে নতুন সদস্য রাহা কাপুর এখন সোশ্যাল মিডিয়ায় নয়া চমক। সে কী করছে, কোথায় যাচ্ছে, তার একটি ছবি পেতে যেন মরিয়া থাকেন পাপারাৎজিরা। সেই রাহা কাপুরকে যদিও আর আড়াল করতে দেখা যায় না আলিয়া ভাট ও রণবীর কাপুরকে। জন্মের প্রথম একবছর তাঁরা চাননি এই স্টারকিডের ছবি প্রকাশ্যে আসুক। তাই যথেষ্ট সতর্ক থাকতেন তাঁরা। তবে মেয়ের বয়স এক বছর হতে না হতেই রাহাকে সকলের সামনে নিয়ে আসেন, সেই থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সে। কার মতো দেখতে, কেমন তার আচরণ সবটাতেই কড়া নজর রেখে চলেছেন সকলে। যদিও রাহা মা-বাবার কোলে দিব্যি ঘুরে বেড়াচ্ছে। কারণ তাঁর পক্ষে এখন বোঝা সম্ভবপর নয়, ঠিক কেন শত শত ক্যামেরার ফোকাসে সে। তাই ভাল লাগা- মন্দলাগা সবটাই মন খুলে ব্যক্ত করে, শিশুমনই তো এমন। সহজ-সরল।
সেই রাহাকে নিয়েই এবার নিজেদের নতুন বাড়ির তদারকিতে হাজির হলেন আলিয়া ভাট ও রণবীর কাপুর। এই বাড়ি নাকি লিখে দেওয়া হয়েছে রাহা কাপুরের নামে। দাম ২৫০ কোটির কাছাকাছি। গাড়ি থেকে রাহাকে কোলে নিয়ে নামলেন আলিয়া ভাট, কিন্তু রাহার মুখে নেই হাসি। সে রীতিমত বিরক্ত। সামনে এগিয়ে চলেছেন রণবীর কাপুর। নতুন বাড়ির কাজ ঠিক কতদূর তা একবার দেখে নেওয়া মাত্র। ব্যস, এইটুকুই। আর সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নেটদুনিয়ায় নানাজনের নানা মত।
রাহার মুখ দেখে কেউ লিখলেন, বাড়ির কাজ যে ভাবে এগোচ্ছে, দেখে বিরক্ত রাহা। কেউ আবার লিখলেন, ঋষি কাপুরের মুখ যেন বসানো। কেউ কেউ আবার রাহাকে নিয়ে বললেন, অধিকাংশ সময়ই রাহা এমনই মুখ করে থাকে। যদিও ছোট্ট রাহাও নেটিজেনদের একাংশের ট্রোল কিংবা কটাক্ষের বাইরে নয়।