Swiss Court handed jail sentences to Hindujas: মানব পাচারের অভিযোগ থেকে মুক্ত, পরিচারকদের নির্যাতনের অপরাধে জেলে যেতে হচ্ছে হিন্দুজাদের – Bengali News | A Swiss Court handed jail sentences to Hindujas for exploiting staff at Swiss mansion
পরিচারকদের নির্যাতনের অপরাধে জেলের সাজা হিন্দুজা পরিবারের চার সদস্যের
জেনেভা: মানব পাচারের মতো গুরুতর অভিযোগ থেকে মুক্ত হলেন। তবে পরিচারকদের নির্যাতনের অভিযোগ থেকে ছাড়া পেলেন না। ভারতীয় বংশোদ্ভূত ধনকুবের হিন্দুজা পরিবারকে কারাদণ্ডের সাজা শোনাল সুইৎজারল্যান্ডের জেনেভার একটি আদালত। হিন্দুজা পরিবারের চার সদস্যের বিরুদ্ধে জেলের সাজা শোনান বিচারকরা। আটাত্তর বছরের প্রকাশ হিন্দুজা ও তাঁর পঁচাত্তর বছরের স্ত্রী কমল হিন্দুজার সাড়ে চার বছরের কারাদণ্ড হয়েছে। আর তাঁদের পুত্র ও পুত্রবধূকে চার বছরের কারাদণ্ডের সাজা দিয়েছেন বিচারকরা। ভারতীয় বংশোদ্ভূত ব্রিটেনের ধনকুবের এই পরিবারের আইনজীবী অবশ্য জানিয়েছেন, এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন জানাবেন তাঁরা।
হিন্দুজা পরিবারের বিরুদ্ধে অভিযোগ ওঠে, তাঁরা ভারত থেকে সামান্য বেতনে লোক নিয়ে এসে পরিচারকের কাজ করাতেন। জেনেভায় তাঁদের বিলাসবহুল ভিলায় শ্রম আইন না মেনে পরিচারকদের ১৮ ঘণ্টা কাজ করানো হত। এমনও অভিযোগ ওঠে, পরিচারকদের ভিলার বাইরে বের হতে দিতেন না হিন্দুজা পরিবার। জেনেভায় পৌঁছনোর পর পরিচারক-পরিচারিকাদের পাসপোর্ট নিয়ে নেওয়া হত। অমানবিক পরিশ্রম করানো হত। তাঁদের মাইনের টাকা ভারতীয় মুদ্রায় তাঁদের অ্যাকাউন্ট পাঠিয়ে দেওয়া হত।
অভিযোগ ওঠে, ভিলায় ১৮ ঘণ্টা কাজ করিয়ে দিনে ভারতীয় মুদ্রায় ৭০০ টাকা দিতেন হিন্দুজা পরিবার। সুইৎজারল্যান্ডের মুদ্রায় হিসেব করলে, মাত্র ৭ সুইস ফ্রা। সারাবছর কাজ করার পর ভারতীয় মুদ্রায় আড়াই লক্ষ টাকার মতো বেতন পেতেন পরিচারকরা। সুইৎজারল্যান্ডে এরকম কাজ করলে যে বেতন পাওয়া যায়, তার দশ ভাগের এক ভাগও পেতেন না হিন্দুজাদের পরিচারকরা। অথচ নিজেদের পোষা কুকুরের জন্য বছরে ভারতীয় মুদ্রায় প্রায় ৯ লক্ষ টাকা খরচ করতেন হিন্দুজারা। সরকারি আইনজীবী জানান, ওই পরিচারকদের ভিলার বাইরে পা রাখার অনুমতি দেয়নি হিন্দুজা পরিবার।
এই খবরটিও পড়ুন
এর আগে গত সপ্তাহে হিন্দুজাদের পরিচারকরা মামলা তুলে নিয়েছিলেন। অভিযোগ ওঠে, পরিচারকদের টাকা দিয়ে মুখ বন্ধ রাখার কথা বলে অভিযোগ প্রত্যাহার করে নিতে বাধ্য করেছেন হিন্দুজা পরিবার। এরপরই সুইস পুলিশ স্বতঃপ্রণোদিত মামমা করে।
বিচারকরা মেনে নেন, সুইৎজারল্যান্ডের মানবাধিকার ও শ্রমবিষয়ক আইন লঙ্ঘন করেছেন হিন্দুজারা। সেজন্য প্রকাশ হিন্দুজা ও তাঁর স্ত্রী কমলকে সাড়ে চার বছর করে কারাদণ্ড দেন। এবং প্রকাশের ছেলে অজয় ও পুত্রবধূ নম্রতার চার বছর করে কারাদণ্ড হয়েছে। যদিও সব অভিযোগ অস্বীকার করেছে হিন্দুজা পরিবার।
ব্রিটেনের সবচেয়ে ধনী পরিবার হিন্দুজা পরিবার। তাদের মোট সম্পদের পরিমাণ ৩৭ বিলিয়ন ইউরো। যা ভারতীয় মুদ্রায় ৩৯৩২৩৪.৫২ কোটি টাকা। সাজা ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন না হিন্দুজা পরিবারের কেউ।