Sealdah Station: নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ! আর নয় ভোগান্তি, ফের সচল হয়ে গেল শিয়ালদহ – Bengali News | Work done before the scheduled time, No more suffering, Sealdah station active again
কলকাতা: রবিবার দুপুর ২ টো থেকে পরিষেবা স্বাভাবিক হওয়ার কথা বলেছিল পূর্ব রেল। কিন্তু প্ল্যাটফর্মের কাজ এবং ইন্টারলোকিং সিগন্যালিং সিস্টেমের কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ায় বেলা ১২ টা থেকেই ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্মে পরিষেবা শুরু করার সিদ্ধান্ত নিল পূর্ব রেল। যে কারণে রবিবার বিকেল থেকে আর দুর্ভোগ থাকবে না বলেই পূর্ব রেলের তরফে জানানো হয়েছে। ইতিমধ্যেই নতুন সিদ্ধান্তের কথা বিবৃতি দিয়ে জানিয়েছে পূর্ব রেল।
শিয়ালদহ থেকে এবার সব ১২ কামরার ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। সে কারণেই গত তিনদিন ধরে বন্ধ রয়েছে ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম। ভবিষ্যতে যাত্রীদের সুবিধার্থে, রেলের কাজের সুবিধার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে রেল, আগেই বিবৃতি জারি করে সে কথা জানানো হয়েছিল। শুক্রবার থেকে বন্ধ রয়েছে এই পাঁচ প্ল্যাটফর্ম। বুধবার সাংবাদিক বৈঠকে রেলের নতুন কাজের কথা জানান শিয়ালদহের ডিআরএম দীপক কুমার নিগম। তারপর থেকেই ভোগান্তির আশঙ্কায় প্রহর গুনছিল অগণিত যাত্রী।
এই খবরটিও পড়ুন
শেষ পর্যন্ত আশঙ্কাই সত্যি হয়। শুক্রবার থেকেই যাত্রীদের ক্ষোভের আগুনে পুড়তে থাকে শিয়ালদহ। দমদম পর্যন্ত এসে থমকে যায় বহু লোকালের চাকা। কত যাত্রী তো হেঁটেই পাড়ি দেন বাকি পথ। অন্যদিকে একই ছবি একাধিক এক্সপ্রেস ট্রেনের ক্ষেত্রেও। এদিকে এদিন সকালেই আবার যাত্রীদের ক্ষোভ আছড়ে পড়ে শিয়ালদহ স্টেশনে থাকা অনুসন্ধান কেন্দ্রে। চলে ভাঙচুর। বেশ কয়েকজন রেল কর্মী আহত হন বলেও খবর। তার মধ্যেই জানা গেল রেলের নতুন সিদ্ধান্তের কথা। তাতেই যেন খানিকটা স্বস্তিতে যাত্রীরা।