India vs Pakistan: বিরাট-রোহিতকে বন্ধু ভাববে… ভারতীয়দের ‘পরামর্শে’ কী উত্তর দিলেন শাহিন আফ্রিদি? – Bengali News | Consider Virat Kohli and Rohit Sharma as friends, Indian fans joke with Pakistan player Shaheen Afridi ahead of IND vs PAK T20 World Cup 2024 match
India vs Pakistan: বিরাট-রোহিতকে বন্ধু ভাববে… ভারতীয়দের ‘পরামর্শে’ কী উত্তর দিলেন শাহিন আফ্রিদি?Image Credit source: ICC
কলকাতা: ভারত ও পাকিস্তানের ক্রিকেটাররা একে অপরের বন্ধু হতে পারেন? অবশ্যই পারেন। কিন্তু ২২ গজে তা নৈব নৈব চ। ভারত ও পাকিস্তান এই দুই দল যখনই বাইশ গজে মুখোমুখি হয়েছে, হাড্ডাহাড্ডি লড়াই দেখা গিয়েছে। দুই দেশের ক্রিকেট প্রেমীরা এই ম্যাচের অপেক্ষায় থাকেন। ওয়াঘার এপার-ওপারে চায়ের দোকান থেকে পাড়ার মোড় সব জায়গাতেই চলে এই ম্যাচ নিয়ে চর্চা। এ বারের টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচ হবে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। তার আগে কয়েকজন ভারতীয় ক্রিকেট প্রেমী সামনে পেয়েছিলেন পাক তারকা বোলার শাহিন আফ্রিদিকে। তাঁরা শাহিনের সঙ্গে হাসিমুখে সেলফি তোলেন। একইসঙ্গে বেশ কয়েকটি আবদারও করেন।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, বেশ কয়েকজন ভারতীয় ক্রিকেট প্রেমী ঘিরে রয়েছেন শাহির শাহ আফ্রিদিকে। তাঁর সঙ্গে ওই ভারতীয় ভক্তরা ছবি তোলেন। এক ভারতীয় সমর্থককে দেখা যায় শাহিনের কাঁধে হাত দিয়ে তাঁর পাশে বসে গল্প করতে। সেখানে এক ভক্তকে বলতে শোনা যায়, ‘আমরা একটা বিশেষ ম্যাচ দেখতে এখানে এসেছি। আর হঠাৎ করেই একটা দারুণ সারপ্রাইজ পেলাম।’
এরপরই পাকিস্তানের তারকা বোলার শাহিনের কাছে এক ভারতীয় ভক্ত আবদার করে বলেন, ‘ভারতের বিরুদ্ধে ভালো বল করবেন না।’ যা শুনে হাসতে থাকেন শাহিন শাহ আফ্রিদি। অপর এক টিম ইন্ডিয়ার ফ্যান বলেন, ‘বিরাট এবং রোহিতকে নিজের ভালো বন্ধু ভাববে।’ ওই ভক্তর কথা শেষ হতে না হতেই সেখানে থাকা সকলে হাসতে শুরু করেন। ভিডিয়োতে দেখা যায় শাহিন আফ্রিদিও বসে বসে হাসছেন।
Shaheen Afridi with Indian fans in New York 🇵🇰🇮🇳❤️
Our padosis love our Eagle. Lovely to see 🤗 #T20WorldCup pic.twitter.com/ibEU1Zv4Cb
— Farid Khan (@_FaridKhan) June 8, 2024
শাহিনের কাছে ভারতীয় ভক্তরা যে আবদার করেছেন (ভারতের ভালো বল না করার) এবং পরামর্শ (বিরাট-রোহিতকে বন্ধু ভাবার) রেখেছেন, তা নিশ্চিত ভাবেই মানতে পারবেন না শাহিন। কারণ এ বারের বিশ্বকাপের শুরুটা পাকিস্তানের ভালো হয়নি পাকিস্তানের। আমেরিকার কাছে বাবর আজমের টিম টুর্নামেন্টে তাঁদের প্রথম ম্যাচে হেরেছে। ফলে ভারতের বিরুদ্ধে এই ম্যাচটা গ্রিন আর্মির জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। এ বার দেখার রবি-রাতে শেষ হাসি কাদের মুখে ফোটে।