Arambagh: অশান্তি যেন থামছেই না, TMC-BJP সংঘর্ষের মাঝে আরামবাগে আহত ৮ পুলিশ কর্মী – Bengali News | Unrest is not stopping, 8 police personnel injured in Arambagh amid TMC BJP clash
আরামবাগ: ভোট মিটেছে কিন্তু এখনও লাগামছাড়া হিংসার ছবি রাজ্যের নানা প্রান্তে। এবার তৃণমূল-বিজেপি সংঘর্ষে তপ্ত হল গোঘাটের কুমারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ভুরকুন্ডা এলাকা। সূত্রের খবর, ঘটনাস্থলে যেতেই মারমুখী কর্মীদের মধ্যে পড়ে যায় পুলিশও। আহত হয়েছেন ৮ জন পুলিশ কর্মী। ১ পুলিশ অফিসারের ইটের আঘাতে মাথা ফেটেছে বলেও খবর। অন্যদিকে বিজেপির অভিযোগ, তাঁদের ৬ জন কর্মীও ইটের আঘাতে আহত হয়েছে। এই ঘটনায় পুলিশ সুয়োমোটো মামলা দায়ের করে ৭ জন বিজেপি সমর্থক ও ৩ জন তৃণমূল সমর্থককে রাতেই গ্রেফতার করে। শনিবার অভিযুক্ত ১০ জনকেই আরামবাগ মহকুমা আদালতে তোলা হয়।
শুক্রবার এ ঘটনার পর শনিবার সকাল থেকেও এলাকার পরিস্থিতি রীতিমতো থমথমে। রাস্তায় মানুষের চলাচল নেই বললেই চলে। ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে ইটের টুকরো। এলাকায় চলথে পুলিশি টহল। যদিও বিজেপির অভিযোগ, পতাকা লাগানোকে কেন্দ্র করে তাঁদের দলের কর্মীদের সঙ্গে তৃণমূলের লোকজন ঝামেলা করে। দীর্ঘ সময় বচসাও চলেও। সে কারণে শুক্রবার সন্ধ্যা থেকেই এলাকায় বাড়তে থাকে উত্তেজনা।
এই খবরটিও পড়ুন
পদ্ম শিবিরের অভিযোগ, তৃণমূলের লোকজনই প্রথম হামলা করে তাঁদের কর্মীদের উপর। একজনের মাথা ফেটে যায়। যা দেখেই এলাকায় প্রতিরোধ গড়ে তোলে বিজেপির কর্মীরা। মহিলাও বাড়ি থেকে বেরিয়ে আসেন। মুহূর্তেই রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। কিন্তু, দু’পক্ষের মাঝে পড়ে যায় পুলিশ। ইটের আঘাতে জখম হন একাধিক পুলিশ কর্মীর। মাথা ফাটে তরুণ বাগ নামে এক পুলিশ অফিসারের। যদিও বিজেপি তৃণমূলের দিকে আঙুল তুললেও তৃণমূল পাল্টা সুর চড়িয়েছে বিজেপির বিরুদ্ধেই।