Rain Update: আকাশের তো মুখ ভার, সত্য়িই কি কলকাতায় পা রেখেছে বর্ষা? কী অবস্থা বাকি জেলাগুলির? – Bengali News | When will Monsoon rain start in South Bengal including Kolkata, know what weather office saying
কলকাতা: বেশ কিছুদিন আগে দেশের মূল ভূখণ্ডে পা রেখেছে বর্ষা। অর্থাৎ আন্দামানের পর কেরলেও ঢুকে পড়েছে মৌসুমী বায়ু। একই ছবি উত্তরবঙ্গেরও। কিন্তু, দক্ষিণবঙ্গ কেন ভিজছে না? হাওয়া অফিসের কর্তারা বলছেন, আগামী ১৩ জুনের আগে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ুর পা রাখার সম্ভাবনা কম। ১০ তারিখ থেকে তা কিছুটা দক্ষিণবঙ্গের দিকে এগোতে পারে। তাতে সামান্য বৃষ্টি বাড়বে। তবে সম্পূর্ণ দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ ৪৮ থেকে ৭২ ঘন্টা দেরি হতে পারে। কলকাতায় ১০ তারিখ পর্যন্ত গুমোট গরম ভাবটা বজায় থাকবে।
প্রসঙ্গত, এদিন সকাল থেকেই আবার কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকাতে আকাশের মুখ ভার। কোথাও কোথাও ঝিরিঝির বৃষ্টির ছবিও দেখা গিয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, এদিন সন্ধ্যার দিকে দক্ষিণবঙ্গের মেদিনীপুর, কলকাতা এবং দুই ২৪ পরগনা সহ কিছু জেলায় মাঝারি বা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলেও গরমের দাপট চলতে থাকবে। একইসঙ্গে শনি ও রবিবার গরম আরও বাড়তে পারবে বলে জানাচ্ছে মৌসমব ভবন। সবথেকে বেশি গরমের দাপট দেখা যাবে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। এদিন কিছু কিছু জায়গায় বৃষ্টির দেখা মিললেও শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ আরও কমে যাবে বলে মনে করা হচ্ছে। সঙ্গে বাড়বে আর্দ্রতাজমিত অস্বস্তি।
এই খবরটিও পড়ুন
অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আবার রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। উপরের পাঁচ জেলাতে ভারী বৃষ্টি চলবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। বৃষ্টির দাপট সবথেকে বেশি থাকবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামী কয়েকদিনে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়বে তাপমাত্রা।