NDA meeting: মোদীর ঠিক পাশেই ‘এন ফ্যাক্টর’, কী হল এনডিএ-র বৈঠকে? – Bengali News | NDA meeting: All leaders support BJP and approve Narendra Modi’s name as alliance leader
এনডিএ বৈঠকে মোদীর পাশেই এন ফ্যাক্টরImage Credit source: TV9 Bangla
নয়া দিল্লি: এনডিএ সরকারের তৃতীয়বার ক্ষমতায় ফেরা প্রায় নিশ্চিত। কিন্তু, মোদী সরকার ফিরবে কি? অর্থাৎ, নরেন্দ্র মোদীই কি ফের প্রধানমন্ত্রী হবেন, নাকি জোট শরিকরা অন্য কোনও নেতার নাম প্রস্তাব করবেন? মঙ্গলবারের ফল প্রকাশের পর থেকে এই প্রশ্নটাই ঘুরছে রাজনৈতিক মহলে। আসলে এইবারের নির্বাচনে একক সংখ্যাগরীষ্ঠতা পায়নি বিজেপি। তাই, সরকার গঠনের জন্য নির্ভর করতে হচ্ছে শরিক দলগুলির উপরই। বুধবার বিকেলেই, বিদায়ী প্রধানমন্ত্রীর বাসভবনে বসেছিল এনডিএ-র বৈঠক। বৈঠকে এনডিএ শরিকরা কী দাবি করে, সেই দিকেই নজর ছিল সকলের। কিন্তু না, অপ্রত্যাশিত কিছু ঘটল না। সূত্রের খবর, এনডিএ-র সমস্ত সদস্যই, জোটের নেতা হিসেবে নরেন্দ্র মোদীকে বেছে নিয়েছেন।
মঙ্গলবার ফল প্রকাশ হতে দেখা গিয়েছে, বিজেপি ২৪০ আসনে জয়ী হয়েছে। অর্থাৎ, সরকার গড়তে তাদের আরও ৩২ সাংসদের সমর্থন প্রয়োজন। এনডিএ শরিকরা সেই সমর্থন দেওয়ার মতো জায়গায় রয়েছে। সব মিলিয়ে এনডিএ জোটের আসন সংখ্যা ২৯২। এই অবস্থায়, বুধবার (৫ জুন), সরকার গঠনের বিষয়ে আলোচনার জন্য, ৭, লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনে এনডিএ-র এক বৈঠক ডাকা হয়েছিল। সূত্রের খবর, সেই বৈঠকে বিজেপিকেই জোটের প্রধান শরিক হিসেবে এবং নরেন্দ্র মোদীকেই জোটের নেতা হিসেবে সমর্থন করেছেন জোট শরিকরা ।
এনডিএ- বৈঠকে বিজেপির পক্ষ থেকে প্রধানমন্ত্রী মোদী ছাড়াও অংশ নেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, অমিত শাহ এবং রাজনাথ সিং। এনডিএ শরিক দলগুলির নেতাদের মধ্যে বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ প্রধান নীতিশ কুমার, তেলেগু দেশম পার্টি প্রধান চন্দ্রবাবু নাইডু, লোক জনশক্তি পার্টির চিরাগ পাসোয়ান, রাষ্ট্রীয় লোকদলের জয়ন্ত চৌধুরী, জেডি(এস)-এর এইচডি কুমারস্বামী, শিবসেনার একনাথ শিন্ডে, হিন্দুস্তান আওয়াম মোর্চার জিতান রাম মাঝি, আপনা দলের অনুপ্রিয়া প্যাটেল প্রমুখ উপস্থিত ছিলেন। এনডিএ সরকার গঠনের দুই গুরুত্বপূর্ণ শরিক, নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু একেবারে নরেন্দ্র মোদীর পাশেই বসেছিলেন। সূত্রের খবর, এদিন সন্ধ্যার মধ্যেই পরবর্তী সরকার গঠনের দাবি জানাতে পারে এনডিএ।