Abhishek Banerjee: ‘ওঁদের কাছে অন্তর থেকে ঋণী’, দিল্লি যাওয়ার আগে দিল্লির বিজেপি নেতৃত্বকে হাতজোড় করে প্রণাম অভিষেকের – Bengali News | Abhishek banerjee: Abhishek Banerjee went to Delhi to attend the India meeting
দিল্লি যাচ্ছেন অভিষেকImage Credit source: TV9 Bangla
কলকাতা: দিল্লির উদ্দেশে রওনা দিলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। INDIA জোটের বৈঠকে যোগ দিতে যাচ্ছেন তিনি। আর যাওয়ার আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে অন্তর থেকে ধন্যবাদ জানিয়ে গেলেন। কিন্তু কেন? অভিষেক কটাক্ষ করেই বললেন, ” আমি হাত জোড় করে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে বলব, আপনারা এরকম ভবিষ্যৎদ্বাণী করতে থাকুন, আপ কি বার ২০০ পার করে, তো আমরা ২০০ পার করলাম, আপনারা বলবেন৩০ টা সিট জিতবেন, তো আমরা ২৯ সিটে জিতে এলাম। এইভাবে আপনারা ভবিষ্যৎদ্বাণী করতে থাকবেন।”
উল্লেখ্যে, বঙ্গ বারবার যখন মোদী-শাহ এসেছেন, তখন ৩০টাই গণ্ডি বেঁধে দিয়েছেন। আর দেশে চারশো পার করার শপথ নিয়ে এগোচ্ছিলেন তাঁরা। ফল বলছে অন্য কথা। বাংলার ১২ টা আসন পেয়েছে বিজেপি। গতবারের থেকেও আসন কমেছে বিজেপির। আর সেই বিষয়টিকেই কটাক্ষ করেছেন অভিষেক।
ইন্ডিয়া জোটের বৈঠকে নজর রয়েছে রাজনৈতিক মহলের। মল্লিকার্জুন খাড়্গের বাড়িতে সন্ধ্যায় ইন্ডিয়া জোটের ২৭ বিরোধী নেতার বৈঠক রয়েছে। অন্যদিকে তৃতীয় বার সরকার গঠনের রণকৌশল নিয়ে বুধবারই বৈঠকে বসছে এনডিএ। ইতিমধ্যেই দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন জোটের নেতৃত্ব। কিন্তু কে হতে চলেছে কিং মেকার? স্ট্র্যাটেজি কী হতে চলেছে? এই সব প্রশ্নের উত্তর আপাতত এড়িয়েই গিয়েছেন অভিষেক। তিনি বলেন, “আগে যাই, সবাই সমবেত হোক। কাল এত রাত পর্যন্ত কাউন্টিং চলেছে। ভোর চারটে পর্যন্ত কাউন্টিং চলেছে। এখনও অর্ধেক রাজনৈতিক দলের প্রতিনিধিরা দিল্লিতে এসে পৌঁছননি। আগে বৈঠকটা হোক। আমি ফিরে এসে সমস্ত প্রশ্নের জবাব দেব।”
তিনি বলেন, “কেউ তামিলনাড়ু থেকে আসছেন, কেউ বিহার থেকে, কেউ কর্ণাটক, কেউ মধ্যপ্রদেশ, কেউ গুজরাট, পঞ্জাব থেকে আসছেন। সবাই বৈঠকে বসলে, তবেই কিছু বলতে পারব। কেউ ২টো সিট জিতেছেন, সেও যাচ্ছেন, কেউ ৩৭ সিট জিতেছেন, তিনি যাচ্ছেন, আমরা ২৯ সিট জিতেছি, আমরাও যাচ্ছি।” নির্ণায়ক শক্তি প্রসঙ্গে অভিষেক বলেন, “কেউ কিং মেকার নেই। কেউ যদি কিং মেকার হয়ে থাকেন, তিনি হলেন জনতা।”