ভোটের ফল প্রকাশের আগেই লাগামহীন ছুট ‘ষাঁড়ের’, ৪ বছরে সর্বোচ্চ উচ্চতা ছুঁল নিফটি – Bengali News | Share Market: Big Jump in Sensex, Nifty Breaks 4 Years Record After Exit Poll Predicts Big Win for BJP
রেকর্ড উচ্চতায় পৌঁছল শেয়ার দর।Image Credit source: TV9 বাংলা
মুম্বই: এক্সিট পোল বলছে, দেশে আবার গেরুয়া ঝড় উঠছে। হাটট্রিক করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এক্সিট পোলে বিজেপি তথা এনডিএ-র জয়ের ইঙ্গিত মিলতেই বিরাট লাফ শেয়ার বাজারে। সোমবার সকালে শেয়ার বাজার খুলতেই ২৬০০ পয়েন্ট চড়ল সেনসেক্স। সাতসকালেই ৭৬ হাজারে পৌঁছল সেনসেক্সের সূচক। নিফটিও ২৩ হাজারের উপরে। বাজার বিশেষজ্ঞদের অনুমান, মজবুত সরকার গঠনের ইঙ্গিত মিলতেই চনমনে শেয়ার বাজার।
এ দিন সকালে শেয়ার বাজার খুলতেই সেনসেক্স সূচক ২৫০০ পয়েন্ট বৃদ্ধি পায়,৭৬ হাজারে পৌঁছল সেনসেক্সের সূচক। অন্যদিকে, নিফটি ৫০-র সূচক বিগত চার বছরে সবথেকে বড় লাফ দিয়েছে। বম্বে স্টক এক্সচেঞ্জ ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ- দুই বাজারই রেকর্ড উচ্চতা ছুঁয়েছে।
শেয়ার বাজারে ভোটের ইতিবাচক হাওয়া লাগতেই, সমস্ত নিফটি স্টকই পজেটিভে রয়েছে। সবথেকে বেশি লাভে রয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আইসিআইসিআই ব্যাঙ্ক ও এইচডিএফসি ব্যাঙ্ক।