PM Narendra Modi Meeting: ভোটের ফল প্রকাশের আগেই জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী, ৭ ইস্যু নিয়ে হবে আলোচনা – Bengali News | From Next 100 Days Work plan to Heatwave Situation, PM Narendra Modi to Hold Meeting day After Lok Sabha Election Voting Ends
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।Image Credit source: Twitter
নয়া দিল্লি: লোকসভা নির্বাচনের ভোটপর্ব মিটেছে। এবার ফলাফলের অপেক্ষা। আগামী ৪ জুন লোকসভা নির্বাচনের ফল প্রকাশ হতে চলেছে। তার আগেই একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরকারের আগামী ১০০ দিনের কাজের পরিকল্পনা থেকে শুরু করে তাপপ্রবাহ, জলসঙ্কট নিয়ে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
জানা গিয়েছে, আজ পরপর সাতটি বৈঠক করবেন প্রধানমন্ত্রী মোদী। এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বৈঠক হল নতুন সরকারের প্রথম ১০০ দিনের কাজের নীতি নির্ধারণ। নির্বাচন বিধি ঘোষণার আগেই প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বাধীন তৃতীয় এনডিএ সরকারের প্রথম ১০০ দিনের কাজ কী কী হবে, তার রোডম্যাপ তৈরি করার নির্দেশ প্রধানমন্ত্রীর দফতর এবং সরকারের শীর্ষ আধিকারিকদের দিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেই রোডম্যাপ চূড়ান্ত করতেই আজ আধিকারিকদের সঙ্গে রিভিউ মিটিংয়ে বসবেন প্রধানমন্ত্রী।
এর পাশাপাশি উত্তর-পূর্বের বন্যা পরিস্থিতি নিয়েও পর্যালোচনা করবেন প্রধানমন্ত্রী মোদী। ঘূর্ণিঝড় রেমাল পরবর্তী উত্তর-পূর্বের রাজ্যগুলিতে বন্যা পরিস্থিতি কোন পর্যায়ে রয়েছে, তা পর্যালোচনা করতে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী মোদী।
দেশের তাপপ্রবাহ পরিস্থিতি নিয়েও পর্যালোচনা করবেন প্রধানমন্ত্রী। দেশজুড়ে বেনজির তাপপ্রবাহ বইছে। তার জেরে বিদ্যুৎ, কয়লা এবং তীব্র জল সংকট দেখা দিয়েছে। এর প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারের কী কী পদক্ষেপ অবিলম্বে গ্রহণ করা প্রয়োজন, তা ঠিক করতে পর্যালোচনা বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এছাড়াও হিট স্ট্রোকের আশঙ্কা বৃদ্ধির প্রেক্ষিতে হাসপাতালগুলি কতটা প্রস্তুত রয়েছো, তা নিয়েও আলোচনা হতে পারে।
দেশের পরবর্তী সেনাপ্রধান এবং গোয়েন্দা প্রধান কে হবেন, আজ তা নিয়েও বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি পদে ডক্টর পিকে মিশ্র এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে অজিত দোভালের পুনর্বহাল নিয়েও আলোচনার সম্ভাবনা রয়েছে।
G7 বৈঠকের প্রস্তুতি নিয়েও আলোচনা-বৈঠক করবেন প্রধানমন্ত্রী মোদী। ফের নির্বাচিত হলে আগামী ১৩ জুন প্রধানমন্ত্রীর জি-৭ বৈঠকে যোগ দেওয়ার কথা। সেই বৈঠকে নয়া দিল্লির অবস্থান কী হবে তার খসড়া নিয়েও আলোচনা হতে পারে।
সূত্রের খবর, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ যদি ক্ষমতায় আসে, তবে আগামী ১০ জুন শপথ গ্রহণ অনুষ্ঠান হতে পারে। জুলাই মাসে বসতে পারে নতুন সরকারের প্রথম সংসদের অধিবেশন। জুলাইতেই প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চাইছে সরকার। আজ বৈঠকে তা নিয়েও আলোচনা হতে পারে।