ভোট-আবহেই নিদারুণ সংবাদ, স্বজনহারা রচনা বন্দ্যোপাধ্যায়, তবু… – Bengali News | Rachana banerjee lost her in one still came to cast her vote
স্বজনহারা রচনা বন্দ্যোপাধ্যায়
গত দু’মাস হুগলির মাটি কামড়ে পড়েছিলেন অভিনেত্রী তথা চলতি লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। অভিনয় জগৎ থেলে নিজেকে কার্যত সরিয়ে মাঠে-ঘাটে নেমে প্রচার করেছেন তিনি। তবে ভোট আবহেই নিদারুণ দুঃসংবাদ তাঁর পরিবারে। হারালেন কাছের মানুষকে।
গত বছরেই বাবাকে হারিয়ে কার্যত ভেঙে পড়েছিলেন অভিনেত্রী। এবার মারা গেলেন তাঁর শাশুড়ি মা-ও। সূত্রের খবর দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। শাশুড়ির সঙ্গে ভালই সম্পর্ক ছিল রচনার। স্বামী প্রবাল বসুর সঙ্গে যদিও তিনি একসঙ্গে থাকেন না কিন্তু তাঁদের বিচ্ছেদ হয়নি। সম্পর্ক বেশ ভাল, এমনকি ছেলেকে দু’জনেই মিলেই মানুষ করেন তাঁরা। রচনা ভোটে দাঁড়ানোর পর তাঁর পাশে দাঁড়িয়ে ছিলেন প্রবাল। রচনার হয়ে প্রচারে অংশও নিয়েছিলেন। সব ঠিকই ছিল। তবু এরই মধ্যে এই খবর!
যদিও পারিবারিক বিপর্যয় দমাতে পারেনি অভিনেত্রীকে। এ দিন ভোট সপ্তমীতে নির্দিষ্ট সময়েই ভোট দিতে যান দক্ষিণ কলকাতার একটি স্কুলে। ভোট দিয়ে বেরিয়ে হাসিমুখে সেলফিও তোলেন। ভোটকেন্দ্রে হাজির জনগণের সঙ্গেও ছবি তুলতে দেখা যায় তাঁকে। এ দিন ভোট দিয়ে বেরিয়ে রচনা বলেন, “দু’মাস অক্লান্ত পরিশ্রম করেছি। আর মাত্র দু’টো দিনের অপেক্ষা। দেখা যাক, মানুষের রায় কোন দিকে যায়। যদিও হুগলি থেকে আমি এবার দাঁড়িয়েছি। তবে কলকাতার ভোটকেন্দ্রে হাজির থাকতে পেতে ভীষণ ভাল লাগছে।”