Lok Sabha Election: বিধাননগরে জোর তল্লাশি, ভোটের আগের রাতে ময়দানে কমিশনারেটের পুলিশ – Bengali News | West Bengal LokSabha Election 2024 Final Phase bidhannagar police doing Vehicle checking
কলকাতা: শনিবার শেষ দফার ভোট রাজ্যের ৯ লোকসভা কেন্দ্রে। সেই ভোটের আগে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে বিধাননগর এলাকা। বিধাননগর কমিশনারেট এলাকার বিভিন্ন থানা এলাকায় বাড়তি নজরদারি চলছে শুক্রবার থেকে। সল্টলেকের উত্তর থানা ও বাগুইআটি কৈখালি এলাকায় প্রতিটি গাড়ি আলাদা আলাদা করে খতিয়ে দেখা হচ্ছে।
রাজারহাট নিউটাউন, সেক্টর ফাইভ, নারায়ণপুর, বাগুইআটি, লেকটাউন, নিউটাউন, বিধাননগর পূর্ব থানা, বিধাননগর উত্তর থানা, বিধাননগর দক্ষিণ থানা এলাকা জুড়ে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে চলছে গাড়ির তল্লাশি। চলছে জোরদার নাকাচেকিং।
কোনওরকম সন্দেহজনক গাড়ি দেখলেই রাস্তায় দাঁড় করিয়ে চলছে তল্লাশি। নাম পরিচয়, আগমনস্থল থেকে গন্তব্য, সমস্ত কিছুর যথাযথ জবাব দিতে পারলে তারপরই ছাড় মিলছে। বিধাননগর ধরে বিভিন্ন দিকে যাওয়া যায়। বারাসত হোক বা ভাঙড়, উত্তর ২৪ পরগনা-দক্ষিণ ২৪ পরগনার অনায়াস প্রবেশ পথ এটি। স্বভাবতই ভোটের আগের দিন বিশেষ নজর এখানে। প্রসঙ্গত শনিবার ভোটগ্রহণ হবে দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, যাদবপুরে।