Dum Dum Lok Sabha Constituency: শেষবেলায় সেটিংয়ের অভিযোগ, দিল্লির উড়ান ধরবেন কে? – Bengali News | Who will win in Dum Dum? people will give their mandate on June 1
দমদমে কে জিতবেন? শনিবার, ১ জুন ব্যালটবন্দি হবে প্রার্থীদের ভাগ্য
দমদম: কংগ্রেস। সিপিএম। বিজেপি। এবং তৃণমূল। দমদম লোকসভা আসনে এই চার দলই একবার হলেও জিতেছে। এমনকি, ভারতীয় লোক দলও এই কেন্দ্রে একবার জয় পেয়েছে। ২০০৯ সাল থেকে দমদম লোকসভা তৃণমূলের দখলে। একুশের নির্বাচনে এই কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভা আসনের সবগুলিই জিতেছে তৃণমূল। উনিশের লোকসভা এবং একুশের বিধানসভা নির্বাচনে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বিজেপি। চব্বিশের নির্বাচনে দুই ফুলের সঙ্গে জোর কদমে প্রচারে নেমেছে বামেরাও। আবার নির্বাচনের আগেই দল বদলে বিজেপিতে যোগ দিয়েছেন তাপস রায়। বরাহনগরের বিধায়ক ছিলেন তিনি। রাজনীতির কারবারিরা বলছেন, দুই ফুলের সঙ্গে নির্বাচনে টক্কর দেবে বামেরা। ফল কী হবে জানা যাবে ৪ জুন। তার আগে জেনে নেওয়া যাক, কার পায়ে কত জমি।
দমদম লোকসভা কেন্দ্রের ৭টি বিধানসভা। কেন্দ্রগুলি হল খড়দহ, দমদম উত্তর, পানিহাটি, কামারহাটি, বরাহনগর, দমদম, রাজারহাট-গোপালপুর। ২০১৯ সালের লোকসভা নির্বাচন অনুযায়ী এই কেন্দ্রের মোট ভোটার ১৫,৬৪,৯৫৪। ২০১১ সালের জনগণনা অনুযায়ী তফসিলি জাতি ভোটার ১১.২ শতাংশ। তফসিলি উপজাতি ভোটার ১ শতাংশ। সংখ্যালঘু ভোটার ৭.২ শতাংশ। গ্রামীণ ভোটার ১.৫ শতাংশ। শহুরে ভোটার ৯৮.৫ শতাংশ।
২০০৯ সাল থেকে দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায়। ২০১৯ সালে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপির শমীক ভট্টাচার্য। হাড্ডাহাড্ডি লড়াইয়ে শমীককে ৫৩ হাজারের বেশি ভোটে হারান সৌগত। সিপিএম পেয়েছিল ১ লক্ষ ৬৭ হাজারের বেশি ভোট। চব্বিশের নির্বাচনের প্রচারের একেবারে শেষবেলায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, বিজেপি ও সিপিএমের মধ্যে সেটিং হয়েছে। এমন কথা তাঁর কানে এসেছে। সিপিএম তাদের লোকসভার ভোট বিজেপিকে দেবে। আর বিধানসভার উপনির্বাচনে বিজেপির ভোট পাবে সিপিএম। প্রসঙ্গত, ১ জুন দমদমে লোকসভার ভোটের পাশাপাশি বরাহনগর বিধানসভার উপনির্বাচনের ভোট রয়েছে।
এই খবরটিও পড়ুন
উনিশের লোকসভা এবং একুশের বিধানসভা নির্বাচনে বিধানসভা কেন্দ্র অনুযায়ী কোন দল কত ভোট পেয়েছিল?
একুশের বিধানসভা নির্বাচনে কোন আসনে কে জিতেছিলেন?
একুশের বিধানসভা নির্বাচনে দমদম লোকসভার সাতটি বিধানসভা আসনই পায় তৃণমূল। খড়দহে জেতেন তৃণমূলের কাজল সিনহা। ফল ঘোষণার আগে করোনায় আক্রান্ত হয়ে তিনি মারা যান। উপনির্বাচনে জেতেন তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায়। দমদম উত্তরে জয়ী হন চন্দ্রিমা ভট্টাচার্য। তৃণমূলের টিকিটে পানিহাটিতে জেতেন নির্মল ঘোষ। নিজের পুরনো কেন্দ্র কামারহাটিতে জয়ী হন মদন মিত্র। তৃণমূলের টিকিটে বরাহনগরে জেতেন তাপস রায়। চব্বিশের নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেন তিনি। বিধায়ক পদ থেকে পদত্যাগ করেন। এই আসনে ১ জুন উপনির্বাচন। দমদমে জয়ী হন ব্রাত্য বসু। আর ঘাসফুলের টিকিটে রাজারহাট-গোপালপুরে জয়ী হন অদিতি মুন্সি।
২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি পায় ৩৮.৬ শতাংশ ভোট। তৃণমূল ৪৩ শতাংশ, সিপিএম ১৪.১ শতাংশ ও কংগ্রেস ২.৪ শতাংশ ভোট পায়। একুশের বিধানসভা নির্বাচনে বিজেপি পায় ৩২.৫ শতাংশ ভোট। তৃণমূল ৪৯ শতাংশ, সিপিএম ১২.৬ শতাংশ ও কংগ্রেস ৩.৩ শতাংশ ভোট পায়।
চব্বিশের নির্বাচনে প্রার্থী কারা?
বিদায়ী সাংসদ সৌগত রায়কেই দমদম কেন্দ্রে প্রার্থী করেছে তৃণমূল। বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন শীলভদ্র দত্ত। আর এই কেন্দ্রে সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী।