শাশুড়িকে বাইকে বসিয়ে ব্যাঙ্কে গিয়েছিল জামাই, সেখান থেকেই শুরু নতুন অধ্যায় – Bengali News | 40 Year old Woman Fell in Love & Fled with her 27 Year old Son in Law in Uttar Pradesh
লখনউ: কথায় আছে, প্রেম মানে না কোনও বাঁধা। প্রেমে বয়স, জাত-পাত-কোনও কিছুই গুরুত্ব রাখে না। প্রেমে এমনই পাগল যে সম্পর্কেরও ধার ধারলেন না। মেয়ের বিয়ে দেওয়ার পর জামাইয়ের প্রেমেই পড়লেন শাশুড়ি। জামাই-ও কম যান না। শাশুড়ির মনের কথা ধরে ফেললেন। শুরু হল প্রেম পর্ব। প্রেমের টান এমনই যে শেষ পর্যন্ত জামাইয়ের সঙ্গে বাড়ি থেকে পালিয়ে গেলেন শাশুড়ি।
ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের মোরাদাবাদে। কুন্দরকি এলাকার বাসিন্দা, বছর চল্লিশের এক মহিলা প্রেমে পড়েন তাঁর জামাইয়ের, যে তাঁর থেকে বয়সে ১৩ বছরের ছোট। জামাইও স্ত্রীকে ছেড়ে শাশুড়ির প্রেমেই মজেন। শাশুড়ির সঙ্গে ফোনে প্রেমালাপ শুরু হয়। দেখা করার জন্য স্ত্রীকে নিয়ে ঘনঘন শ্বশুরবাড়ি আসতে শুরু করেন জামাই। এভাবেই জমে ওঠে প্রেম। সন্তান, নাতি-নাতনি ভুলেই তারা গোপনে সম্পর্কে জড়ান।
সম্পর্ককে পরের ধাপে নিয়ে যেতেই দুইজনে সিদ্ধান্ত নেন যে একসঙ্গে সংসার পাতবেন। কিন্তু বাড়ির লোকজন জানলে তো কেলেঙ্কারি! কেউ মানবে না সম্পর্ক। শেষে বুদ্ধি আঁটলেন দুজনে। ব্যাঙ্কে যাওয়ার নাম করেই শাশুড়ি-জামাই বেরলেন বাড়ি থেকে। জামাইয়ের বাইকের পিছনে সেই যে বাড়ি থেকে বেরলেন, আর বাড়ি ফিরলেন না।
এদিকে, ঘণ্টার পর ঘণ্টা গায়েব থাকায়, শ্বশুরের সন্দেহ হয়। এদিক ওদিক জিজ্ঞাসা করার পর থানায় যান। দুইজনের নামে নিখোঁজ ডায়েরি করেন। পুলিশ ওই যুগলের খোঁজে তল্লাশি শুরু করেছে। গোটা গ্রামে এখন চর্চায় শাশুড়ি-জামাইয়ের এই প্রেম।