মাখোমাখো সম্পর্কের ‘দি এন্ড’! বিচ্ছেদই হল মালাইকা-অর্জুনের, কেন? – Bengali News | Malaika Arora, Arjun Kapoor have split: ‘Relationship ran its course’
বিচ্ছেদই হল মালাইকা-অর্জুনের, কেন?
তুখোড় প্রেম ছিল তাঁদের। একসঙ্গে লিভইনে ছিলেন পাঁচ-পাঁচটা বছর। সেই প্রেমেরই এবার ইতি। তাঁদের ঘনিষ্ঠ মহল দাবি করেছেন এমনটাই। গুঞ্জন চলছিল বহুদিন ধরেই। এবার মালাইকা অরোরা ও অর্জুন কাপুরের সম্পর্কের সত্যি হল ফাঁস। ‘পিঙ্কভিলা’ সংবাদমাধ্যমের দাবি আলাদা হয়েছেন তাঁরা। অর্জুন-মালাইকার ঘনিষ্ঠ সূত্রের কথায়, “ব্রেকআপ হয়ে গেলেও একে অন্যের মনে ওঁরা থেকে যাবেন। আর এই নিয়ে মুখও খুলতে চান না তাঁরা। তাঁদের এই বিচ্ছেদ নিয়ে কোনও চর্চা হোক, আলোচনা হোক এমনটাই চান না তাঁরা। সেই কারণে এ বিষয়ে মুখ খুলতে দেখা যাবে না তাঁদের।”
কেন হল বিচ্ছেদ? শোনা যাচ্ছে, তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ ঘটেনি। তবে নিজেদেরকে স্পেস দিতে চাইছেন তাঁরা। এর আগে অর্জুন কাপুর ও কুশা কাপিলালে জড়িয়ে রটেছিল গসিপ। যদিও কুশা এই কথা মানতে চাননি। মালাইকা ও অর্জুনের ঘনিষ্ঠ মহল জানাচ্ছে, তাঁরা দুজনেই এই মুহূর্তে রয়েছেন সিঙ্গল।
২০১৮ সালে মালাইকার ৪৫ তম জন্মদিনে অর্জুন প্রকাশ্যে এনেছিলেন তাঁদের সম্পর্কের কথা। তারপর একসঙ্গে দেখা যেত তাঁদের। বিয়ের প্ল্যানিংও ছিল। কেন যে হঠাৎ হল বিচ্ছেদ? মন খারাপ ভক্তদের। এর আগে আরবাজ খানের সঙ্গে বৈবাহিক সম্পর্কে ছিলেন মালাইকা। তাঁদের এক ছেলেও রয়েছে। নাম আরহান খান। মালাইকার সঙ্গে বিচ্ছেদের বেশ কয়েক বছর পর গত বছর ডিসেম্বরে সুরহা খান নামক এক মেকআপ আর্টিস্টকে বিয়ে করেন আরবাজ। তাঁর সঙ্গেই সুখে সংসার তিনি করছেন এখন।