লু লেগে দেহের তাপমাত্রা ছুঁল ১০৭ ডিগ্রি! মৃত্যু শ্রমিকের, এই উপসর্গ দেখলে আপনিও সতর্ক হন – Bengali News | Bihar Man dies in Delhi after Heat Stroke, Fever Rise Up to 107 Degrees, What Symptoms you should be aware of
তাপপ্রবাহ থেকে সতর্ক থাকবেন কীভাবে?Image Credit source: PTI
নয়া দিল্লি: ফুটন্ত কড়াই রাজধানী, তাতে জ্বলছে-পুড়ছে সাধারণ মানুষ। বুধবারই দিল্লিতে নাকি তাপমাত্রা ৫২.৯ ডিগ্রি পার করেছিল। এবার তাপপ্রবাহে মৃত্যুর খবরও এল। প্রবল তাপপ্রবাহে অসুস্থ হয়ে বছর চল্লিশের এক ব্যক্তির মৃত্যু হল দিল্লিতে। জানা গিয়েছে, ওই ব্যক্তির দেহের তাপমাত্রা ১০৭ ডিগ্রিতে পৌঁছেছিল।
জানা গিয়েছে, মৃত ওই ব্যক্তি আদতে বিহারের বাসিন্দা। তিনি দিল্লির একটি কারখানায় কাজ করতেন। সোমবার মধ্যরাতে ওই ব্যক্তি অসুস্থ হয়ে পড়লে, তার সহকর্মীরা রাম মনোহর লেহিয়া হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসকরা জানান, ওই ব্যক্তি যে ঘরে থাকতেন, সেখানে কোনও ফ্যান বা কুলারও ছিল না। অতিরিক্ত গরমের কারণেই তিনি অসুস্থ হয়ে পড়েন। প্রবল জ্বর আসে তাঁর। ১০৭ ডিগ্রি ফারেনহাইটে পৌঁছয় দেহের তাপমাত্রা! আজ, চিকিৎসা চলাকালীন ওই ব্যক্তির মৃত্যু হয়।
তাপপ্রবাহে ক্রমাগত পরিস্থিতি খারাপ হওয়ার কারণে দিল্লি সরকারের তরফে সরকারি হাসপাতালগুলিতে অন্তত দুটি বেড হিটস্ট্রোকে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য বরাদ্দ রাখতে বলা হয়েছে। এলএনজেপি হাসপাতালে পাঁচটি বেড সংরক্ষিত থাকবে।
চিকিৎসকরা জানিয়েছেন, তাপপ্রবাহের কারণে বয়স্কদের মধ্যে অসুস্থতা বাড়ছে। ১৫ শতাংশ রোগীর হৃদরোগ, শ্বাসযন্ত্র, কিডনি ও ডায়েবেটিসের মতো সমস্যা দেখা দিচ্ছে। ৫ শতাংশ রোগীকে হাসপাতালে ভর্তি করানোর প্রয়োজন পড়ছে।
তাপপ্রবাহে অসুস্থতা-
তাপপ্রবাহের জেরে শুধু ডি-হাইড্রেশন বা শরীরে জল শুকিয়ে যাওয়াই নয়, পেশিতে টান ধরা, ক্লান্তিভাব, অত্য়াধিক ঘাম, দুর্বলতা, মাথা ঘোরা, বমি ভাব, মাথা ব্যাথার মতো সমস্যাও হচ্ছে। অনেকেরই শরীরের তাপমাত্রা বেড়ে যাচ্ছে, কাঁপুনি দিয়ে জ্বর আসছে। তখন অসুস্থ ব্যক্তি অসংলগ্ন কথা বলছেন, ঘন ঘন সংজ্ঞা হারাচ্ছেন। সঠিক সময়ে চিকিৎসা না হলে, এই অসুস্থতা প্রাণঘাতীও হয়ে উঠতে পারে।