Cyclone Remal: ঘূর্ণির দুর্বিপাকে সোমেও বাতিল একগুচ্ছ ট্রেন! শিয়ালদহ থেকে গড়াবে না এই ট্রেনগুলির চাকা – Bengali News | Cyclone Remal Weather Update Several trains will be canceled on Monday from Sealdah
কলকাতা: ঘূর্ণিঝড় রেমালের কথা মাথায় রেখে সোমবারও বেশ কিছু ট্রেন বাতিল রাখার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। আগামিকাল শিয়ালদহ থেকে বেশ কিছু ট্রেন বাতিল রাখা হবে। রবিবার রাতেই ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় রেমাল। আগামিকাল সকালেও ঘূর্ণিঝড়ের দাপটে একাধিক জেলায় তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সব দিকে বিবেচনা করে যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে শিয়ালদহ দক্ষিণ লাইনে দশটি লোকাল ট্রেন বাতিল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার যে ট্রেনগুলি বাতিল থাকছে-
- শিয়ালদহ-সোনারপুর: ৩৪৪২৬ ও ৩৪৪২৪
- শিয়ালদহ-বারুইপুর: ৩৪৬১৪ ও ৩৪৬১৩
- বারুইপুর-লক্ষ্মীকান্তপুর: ৩৪৩৩২ ও ৩৪৩৩১
- সোনারপুর-ডায়মন্ড হারবার: ৩৪৮৮২ ও ৩৪৮৮১
- ডায়মন্ড হারবার-বারুইপুর: ৩৪৮৯১ ও ৩৪৮৯২
প্রাথমিকভাবে সোমবার সকাল থেকে এই দশটি লোকাল ট্রেন বাতিল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূর্ব রেলের শিয়ালদহ শাখা থেকে জানানো হয়েছে, ঝড়ের পরিস্থিতি কেমন থাকছে তা বিবেচনা করে পরবর্তীতে ট্রেন বাতিল বা সময়সূচিতে বদলের বিষয়ে জানানো হবে।
উল্লেখ্য, রবিবারও ঝড়-বৃষ্টির কথা মাথায় রেখে হাওড়া ও শিয়ালদহ দুই স্টেশন থেকেই প্রচুর লোকাল ট্রেন বাতিল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। রেমালের দুর্যোগের আশঙ্কা থেকে ঝড়ের সময় ট্রেন বেলাইন হওয়া আটকাতে, রেলের বগিগুলিকে লোহার চেন দিয়ে তালা দিয়ে দেওয়া হয়েছিল শালিমার রেল ইয়ার্ডে। রেলের ট্র্যাকে বসানো হয়েছিল স্টপার।