Narendra Modi: ২০১৪ সালে ভোটে জিততে কী করেছিল কংগ্রেস? জামিয়া বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গ টানলেন মোদী – Bengali News | PM Narendra Modi slams Congress for appeasement politics, says about Jamia Milia Islamia University
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীImage Credit source: AFP
নয়া দিল্লি: ধর্মের ভিত্তিতে তুষ্টিকরণের রাজনীতির অভিযোগে কংগ্রেসকে তুলোধনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বুধবার দিল্লিতে এক নির্বাচনী প্রচার সভায় বক্তব্য রাখার সময় উদাহরণ হিসেবে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের উদাহরণ টেনে আনেন তিনি। মোদীর অভিযোগ, ভোটে জেতার জন্য কংগ্রেস এতটাই মরিয়া হয়ে উঠেছিল, যে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়কে একটি সংখ্যালঘু শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করে দিয়েছিল।
বুধবার পশ্চিম দিল্লির দ্বারকায় এক জনসভায় মোদী বলেন, ‘দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের কথা গোটা দেশ জানে। ৬০ বছর ধরে এই বিশ্ববিদ্যালয় বাকি বিশ্ববিদ্যালয়গুলির মতো একটি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের মতো চলছিল। এখানেও দলিত, পিছিয়ে পড়া শ্রেণি, আদিবাসীরা সংরক্ষণ পেতেন। কিন্তু ২০১৪ সালের ভোটে জেতার জন্য মনমোহন সিংয়ের সরকার চুপচাপ একটা চাল খেলে দিল। আচমকা জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়কে সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠান ঘোষণা করে দিল।’
প্রধানমন্ত্রীর বক্তব্য, এর ফলে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে মুসলিমদের জন্য ৫০ শতাংশ সংরক্ষণ হয়ে গিয়েছে। কিন্তু এই সিদ্ধান্তের আগে, অর্থাৎ ২০১১ সালের আগে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় তফসিলি জাতি, তফসিলি উপজাতি ও ওবিসিরাও সংরক্ষণ পেতেন। মোদীর অভিযোগ, শিক্ষা প্রতিষ্ঠানের মতো জায়গাতেও ধর্মের ভিত্তিতে বাধা তৈরি হয়েছে তৎকালীন কংগ্রেস সরকারের কারণে।