Dev vs Hiran: হিরনের বিরুদ্ধে এফআইআর, তারপরেও দেবের মুখে ‘ভালবাসার’ কথা – Bengali News | Trinamool candidate Dev has filed an FIR against BJP candidate Hiran
রাজনৈতিক মহলে জোর চর্চা Image Credit source: TV-9 Bangla
ঘাটাল: হাতে আর মাত্র দু’টো দিন, তারপরেই ভোট ঘাটালে। এদিকে এরইমধ্যে ঘাটালের বিজেপি (BJP) প্রার্থী হিরণ্ময় চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করলেন ঘাটালের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব (Dev)। প্রসঙ্গত, ভোট ঘোষণা হতেই দুই হেভিওয়েট তারকা একে অপরের বিরুদ্ধে তোপ দেগেই চলেছেন। যুযুধান দুই শিবিরের কর্মীদের মধ্যে বাড়ছিল চাপানউতোর। হিরণ যখনই আক্রমণের ঝাঁঝ বাড়িয়েছেন তখনই মিষ্টিমুখে তা প্রতিহত করতে দেখা গিয়েছে দেবকেও। এদিনও এফআইআর দায়েরের খবর দিতে গিয়েও দেব বললেন, আমি ওকে ভালবাসি। আর তো কদিন পর ভোট। সব পরিষ্কার হয়ে যাবে।
যদিও দেবর এ কথায় যে সূক্ষ্ম খোঁচা রয়েছে তা নজর এড়ায়নি রাজনৈতিক বিশ্লেষকদের। অন্যদিকে খোঁচা দিতে ছাড়েননি হিরণও। একেবারে কালীঘাটের কাকুর প্রসঙ্গ টেনে বলছেন, এবার দেবের কণ্ঠস্বরের পরীক্ষা হবে। তারপরই স্পষ্ট বোঝা যাবে দেব চাকরি চুরির চক্রান্তের সঙ্গে যুক্ত।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেব বলেন, “হিরণ তো অনেক কিছু বলছে। কিন্তু, বাংলার মানুষ জানে কে সত্যি বলছে কে মিথ্যা বলছে। জেতার জন্য অনেক কিছুই করছে। ফেক অডিয়ো ভাইরাল করে বলছে টাকা নিয়েছে বা আমার সহকর্মীরা টাকা নিয়েছে। সে জন্য এফআইআর হয়েছে ওর বিরুদ্ধে। ও তো দুর্ঘটনায় মৃত্যুর ঘটনাতেও বলেছে দেব মেরেছে, দেব খুন করেছে। ঘাটাল শান্তিপ্রিয় একটা মানুষ, ঘাটালের মানুষ ভালবাসা প্রিয় মানুষ। হিরণ উত্তর ৪ তারিখে পেয়ে যাবে। তবে আমি ওকে ভালবাসি। আর তো কদিন পর ভোট। সব পরিষ্কার হয়ে যাবে।”
এই খবরটিও পড়ুন
পাল্টা হিরণ বলেন, “আমার নামে, আমার আপ্ত সহায়কের নামে এফআইআর করেছে। আপনি এফআইআর করুন, আপনি কোর্টে যান। কোর্টে গেলেই সব প্রমাণ হয়ে যাবে। যেভাবে কালীঘাটের কাকুর গলার স্বর পরীক্ষা করা হয়েছিল সেভাবে আপনারও গলার স্বর পরীক্ষা করা হবে। আপনিকে দারুণ কাজ করছেন। আপনাকে অভিনন্দন জানালাম। আপনার গলার স্বর পরীক্ষা করলেই জানা যাবে আপনি কত বড় চাকরি চুরির চক্রান্তের সঙ্গে যুক্ত। বাকি আইন আইনের পথে চলবে। আপনার এফআইআরকে সাধুবাদ জানাই। তদন্তে আমরা পূর্ণ সহযোগিতা করব।”