Siliguri Ramkrishna Mission: রামকৃষ্ণ মিশনের মহারাজদের বিরুদ্ধেই দায়ের হল জামিন অযোগ্য ধারায় মামলা – Bengali News | Siliguri ramkrishna mission A non bailable case has been filed against the Ramakrishna Mission
সাংবাদিক সম্মেলনে স্বামী শিবপ্রেমানন্দImage Credit source: GFX- TV9 Bangla
শিলিগুড়ি: মধ্যরাতে শিলিগুড়ি রামকৃষ্ণ মিশনে হামলার অভিযোগ। দুষ্কৃতীরা বন্দুক দেখিয়ে সাধুদের মিশন থেকে বের করে দেয় বলে অভিযোগ। থানা-বিএলআরও অফিসের দ্বারস্থ সাধরা। গত রবিবারের রাতের ঘটনার পর এখনও অধরা হামলাকারীরা। উল্টে এই পরিস্থিতিতে রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধেই দায়ের হল জামিন অযোগ্য ধারায় মামলা। রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে জমি জবরদখলের চেষ্টার অভিযোগ ওঠে।
১৯ মে মধ্যরাতের ঘটনা। অভিযোগ ওঠে, অস্ত্র বন্দুক হাতে এক দল দুষ্কৃতী রামকৃষ্ণ মিশনের ভিতরে ঢোকে। সাধুদের রাতে বাইরে বার করে দেওয়ারও অভিযোগ ওঠে। সোমবার প্রকাশ্যে আসে সেই ঘটনা। সোমবার বিকাল পাঁচটায় ভক্তিনগর থানায় রামকৃষ্ণ মিশনের তরফে একটি এফআইআর দায়ের করা হয়। মূল অভিযুক্তের তালিকায় নাম রয়েছে প্রদীপ রায় নামে এক ব্যক্তি। মিশন অভিযোগ দায়েরের ঠিক এক ঘণ্টা পরেই প্রদীপ রায় পাল্টা একটি অভিযোগ দায়ের করেন। সেই ভক্তিনগর থানাতেই। কিন্তু প্রশ্ন ওঠে, মিশনের হামলায় মূল অভিযুক্ত প্রদীপ রায় থানা যাওয়ার পরও কেন গ্রেফতার করা হল না তাঁকে?
এরই মধ্যে আরও চাঞ্চল্যকর একটি বিষয়। পরে পুলিশ সূত্রে জানা যায়, মিশনের দায়ের করা প্রদীপ রায়ের বিরুদ্ধে এফআইআর-এ পুলিশ লঘু ধারায় মামলা রুজু করেছে। উল্টে প্রদীপ রায়ের অভিযোগের ভিত্তিতেই রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। প্রদীপ রায়ের অভিযোগ, দেড় একর জমি জবরদখলের চেষ্টা করছে মিশন।
শিলিগুড়িতে জেলা তৃণমূলের সম্পাদক পেশায় আইনজীবী অত্রি শর্মা বলেন, “উচ্ছেদকারীরা যে উদ্দেশ্যে মিশনের হেফাজতে থাকা বিতর্কিত জমি থেকে মিশনের কর্মীদের বার করে দেয়। তারপর পুলিশ সেই জমিটি সিল করে নেয়। তদন্তের নামে সিল করে দিয়ে পুলিশ কার্যত উচ্ছেদকারীদের অভিসন্ধিকে সমর্থন করেছে।” ঘটনার পর ৪৮ ঘণ্টা পরও প্রদীপ গ্রেফতার হননি। মিশনের কর্মীদেরও তাঁর নিজ জায়গায় পৌঁছে দেওয়া হয়নি।