Bardhaman-Durgapur Lok Sabha Constituency: কথার লড়াই শেষ, ভোট ময়দানের ২২ গজে টেক্কা দেবে কে? – Bengali News | Who will win in Bardhaman Durgapur? people will give their mandate on May 13
বর্ধমান-দুর্গাপুরে কে জিতবেন? সোমবার, ১৩ মে ব্যালটবন্দি হবে প্রার্থীদের ভাগ্য
দুর্গাপুর: প্রথমবার সিপিএম। তারপর তৃণমূল। তৃতীয়বার বিজেপি। ২০০৯ সালে আসন পুনর্বিন্যাসের ফলে গঠিত বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তিনবারের ফল বলছে, এই আসন কেউ ধরে রাখতে পারেনি। তবে এই লোকসভার যে ৭টি বিধানসভা রয়েছে, একুশের নির্বাচনে বামেরা একটিও পায়নি। ৬টি ঘাসফুল এবং একটি পদ্মফুলের দখলে। রাজনীতির কারবারিরা বলছেন, চব্বিশের নির্বাচনে এই আসনে জোর টক্কর হতে চলেছে দুই ফুলের মধ্যে। তার আগে জেনে নেওয়া যাক, কার পায়ে কত জমি।
বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ৭টি বিধানসভা। কেন্দ্রগুলি হল বর্ধমান দক্ষিণ, মন্তেশ্বর, বর্ধমান উত্তর, ভাতার, গলসি, দুর্গাপুর পূর্ব এবং দুর্গাপুর পশ্চিম। ২০১৯ সালের লোকসভা নির্বাচন অনুযায়ী এই কেন্দ্রের মোট ভোটার ১৭,৩২,৪৩১। ২০১১ সালের জনগণনা অনুযায়ী তফসিলি জাতি ভোটার ২৪.৫ শতাংশ। তফসিলি উপজাতি ভোটার ৫.৬ শতাংশ। সংখ্যালঘু ভোটার ১৮.৪ শতাংশ। গ্রামীণ ভোটার ৫৪.১ শতাংশ। শহুরে ভোটার ৪৫.৯ শতাংশ।
গত লোকসভা ভোটে তৃণমূল ও বিজেপির মধ্যে এই আসনে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। সিপিএম এবং কংগ্রেসও প্রার্থী দিয়েছিল। তবে মূল লড়াই ছিল দুই ফুলের মধ্যে। হাজার দুয়েক ভোটে জিতেছিলেন বিজেপির এস এস আহলুওয়ালিয়া। একুশের বিধানসভা নির্বাচনের ফলাফল ইঙ্গিত দিচ্ছে, এবারও মূল লড়াই হতে চলেছে দুই ফুলের মধ্যে। তবে বামেরাও নিজেদের হারানো ভোট ফিরে পেতে মরিয়া।
এই খবরটিও পড়ুন
উনিশের লোকসভা এবং একুশের বিধানসভা নির্বাচনে বিধানসভা কেন্দ্র অনুযায়ী কোন দল কত ভোট পেয়েছিল?
একুশের বিধানসভা নির্বাচনে কোন আসনে কে জিতেছিলেন?
বর্ধমান দক্ষিণে জিতেছিলেন তৃণমূলের খোকন দাস। মন্তেশ্বরে জয়ী হন তৃণমূল প্রার্থী সিদ্দিকুল্লা চৌধুরী। সেখানে বর্ধমান উত্তরে বাজিমাত করেন তৃণমূল প্রার্থী নিশীথ কুমার মালিক। ভাতারে জয়ী হন তৃণমূলের মান গোবিন্দ অধিকারী। গলসি জেতেন তৃণমূল প্রার্থী নেপাল ঘোড়ুই। দুর্গাপুর পূর্ব জয়ী হন ঘাসফুল শিবিরের প্রার্থী প্রদীপ মজুমদার। শুধুমাত্র দুর্গাপুর পশ্চিমে জেতে বিজেপি প্রার্থী। জয়ী হন লক্ষ্মণচন্দ্র ঘোড়ুই।
২০১৯ লোকসভা নির্বাচনে বিজেপি পায় ৪২.৩ শতাংশ ভোট। তৃণমূল ৪২.২ শতাংশ, সিপিএম ১১.৪ শতাংশ ভোট পায়।
একুশের বিধানসভা নির্বাচনে বিজেপি পেয়েছিল ৩৯.৪ শতাংশ ভোট। তৃণমূল ৪৫.৯ শতাংশ, সিপিএম ৮.৬ শতাংশ ভোট পায়।
চব্বিশের নির্বাচনে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে বিজেপি এবার প্রার্থী করেছে দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। তৃণমূলের প্রার্থী প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ। আর সিপিএমের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন সুকৃতি ঘোষাল। দিলীপ-কীর্তির বাকযুদ্ধ শেষে কে জয়ী হন, তা জানা যাবে ৪ জুন।