Rachana Banerjee: ‘রচনাকে দিয়ে তো গরুর রচনা…’, এবার বলেই ফেললেন মহম্মদ সেলিম – Bengali News | Lok Sabha Election 2024 TMC Hooghly Rachana Banerjee CPIM Mohammed Salim launches fresh attack
রচনা বন্দ্যোপাধ্যায়Image Credit source: Facebook
হুগলি: নির্বাচনী প্রচার সভা থেকে হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যেোপাধ্যায়ের তুমুল সমালোচনা সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের। রবিবার হুগলির দলীয় প্রার্থী মনোদীপ ঘোষের সমর্থনে সিঙ্গুরে প্রচারে আসেন সিপিএম রাজ্য সম্পাদক। মিছিল করেন। শেষে একটি পথসভাও করেন। সেই সভা থেকে তৃণমূলের তারকা প্রার্থীকে একহাত নিয়ে সেলিম বললেন, ‘রচনাকে দিয়ে তো গরুর রচনা লেখানো যাবে না। তিনি গিয়ে সংসদ ভবনে কী বলবেন?’ শুধু রচনা বন্দ্যোপাধ্যায়েরই নয়, একইসঙ্গে বিজেপি প্রার্থী তথা বিদায়ী সাংসদ লকেট চট্টোপাধ্যায়েরও সমালোচনা করেন সেলিম।
সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম কথায়, ‘সংসদ ভবন হল নীতি নির্ধারনের জায়গা। আমাদের আজকে যা দশা, তা পাল্টাতে হলে দিশা পাল্টাতে হবে। যাঁদের নিজেদের দিশা ঠিক নেই, তাঁরা কীভাবে আপনাদের দিশা পাল্টানোর কথা বলবেন?’ সেলিমের বক্তব্য, সংসদে যাতে নীতি নির্ধারনের দিশা দেখানো যেতে পারে, সে কারণেই হুগলি থেকে মনোদীপকে প্রার্থী করেছে বামেরা। পাশাপাশি সংলগ্ন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রেও একই কারণে দীপ্সিতা প্রার্থী করা হয়েছে, সে কথাও বললেন সেলিম।
উল্লেখ্য, আগামী ২০ মে ভোট রয়েছে হুগলিতে। এবারের নির্বাচনে বাংলায় অন্যতম চর্চিত লোকসভা আসন হল হুগলি। বিজেপির টিকিটে লড়ছেন বিদায়ী সাংসদ তথা বঙ্গ বিজেপির অন্যতম প্রধান মুখ লকেট চট্টোপাধ্যায়। তাঁর বিপরীতে তৃণমূল প্রার্থী করেছে রাজনীতিতে নবাগত রচনা বন্দ্যোপাধ্যায়কে। ভোটের প্রচার পর্বে তৃণমূলের তারকা প্রার্থী ছোট পর্দার ‘দিদি নম্বর ওয়ানকে’ ঘিরে ইতিমধ্যেই বিস্তর চর্চা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের মিম ছড়িয়েছে। এসবের মধ্যেই এবার রচনার সমালোচনায় সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমও।