Uttarpara: মাঝরাতে উত্তরপাড়ায় গঙ্গায় ডুব, আর উঠল না ৩ জন, এখনও খুঁজছে পুলিশ – Bengali News | Three people drowned in the Ganga in Uttarpara
উত্তরপাড়া: গত মাসের শেষেই উত্তরপাড়া, ত্রিবেণীতে গঙ্গা স্নানে নেমে তলিয়ে গিয়েছিল তিন যুবক। এবার ফের একই ছবি উত্তরপাড়াতে। উত্তরপাড়া বাবু ঘাটে গঙ্গা স্নানে নেমে তলিয়ে গেল তিন জন। তারমধ্যে দুজন কিশোর ও এক যুবক রয়েছেন। ডানকুনিতে হচ্ছে চণ্ডীমাতার পুজো। সেই পুজোর জন্য রাত সাড়ে ১২টা নাগাদ গঙ্গার জল নিতে উত্তরপাড়ার বাবুঘাটে এসেছিল অনেক ভক্ত। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন জল নেওয়ার আগে স্নান করতে নামে অনেকেই। এদিকে আচমকা এসে যায় জোয়ার। তাতেই তলিয়ে যায় দু’জন। তাঁদের বাঁচাতে গিয়ে তলিয়ে যায় আরও দু’জন। তাঁদের মধ্যে একজনের বয়স ১৬, একজনের ১৮, একজনের ২১।
খবর যায় উত্তরপাড়া থানায়। পুলিশই খবর দেয় বিপর্যয় মোকাবিলা দফতরে। সকালেই স্পিডবোট নিয়ে জলে নেমে পড়ে বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা। নিখোঁজদের খোঁজে শুরু হয় তল্লাশি। তবে এখনও পর্যন্ত কারও কোনও খোঁজ পাওয়া যায়নি।
এই খবরটিও পড়ুন
এর আগেও উত্তরপাড়া ঘাটে একাধিকবার দুর্ঘটনা ঘটেছে। গত বছর মহালয়ার দিন তর্পন করতে গিয়ে তলিয়ে যায় কয়েকজন। এলাকার বাসিন্দাদের অভিযোগ, বারবার দুর্ঘটনা ঘটলেও টনক নড়েনি পুলিশের। গত রাতেও ঘাটে জল নিতে আসা ভক্তদের ভালই ভিড় ছিল। অনেকেই বলছেন ঠিকভাবে নজরদারি চললে অনেক দুর্ঘটনাই এড়ানো সম্ভব হয়। যদিও পুলিশ জানাচ্ছে, রাতে গঙ্গায় নামতে নিষেধ করা হচ্ছিল। ভিড় নিয়ন্ত্রণ করা হচ্ছিল। কিন্তু, নিষেধাজ্ঞার তোয়াক্কা না করেই কয়েকজন জলে মেমে যায়। তাতেই ঘটে যায় বিপত্তি।