PM Narendra Modi: বিরোধীদের নিয়েও চিন্তা মোদীর, শিবসেনা-এনসিপির অস্তিত্ব টেকাতে দিলেন পরামর্শ – Bengali News | PM Narendra Modi Advices Sharad Pawar, Uddhav Thackeray to Merge with Eknath Shinde & Ajit Pawar’s Shiv Sena & NCP Instead of Congress
জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।Image Credit source: PTI
মুম্বই: বিরোধীদের নিয়ে চিন্তিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহারাষ্ট্রে ভেঙে দুই টুকরো হয়ে যাওয়া দুই দল শিবসেনা ও এনসিপি-কে এক হয়ে যাওয়ার পরামর্শ দিলেন মোদী। কংগ্রেসের সঙ্গে মিলিত হয়ে নিজেদের দলকে শেষ না করে দিয়ে, বরং একনাথ শিন্ডে ও অজিত পওয়ারের দলের সঙ্গেই মিলে যাওয়ার কথা বললেন প্রধানমন্ত্রী মোদী।
লোকসভার নির্বাচনী প্রচারে ব্যস্ত প্রধানমন্ত্রী মোদী। শুক্রবার তিনি মহারাষ্ট্রে প্রচারে যান। সেখানেই প্রবীণ নেতা শরদ পওয়ারের নাম না উল্লেখ করে মোদী বলেন, “একজন বড় মাপের নেতা, যিনি গত ৪০-৫০ বছর ধরে সক্রিয়, তিনি বারামতী আসন নিয়ে চিন্তিত। উনি বলছেন, ৪ জুনের পর ছোট দলগুলি টিকে থাকতে কংগ্রেসের সঙ্গে মিলে যাবে। এর অর্থ নকল এনসিপি ও নকল শিবসেনা মনস্থির করে নিয়েছে যে তারা কংগ্রেসের সঙ্গে মিলিত হয়ে এক দল হয়ে যাবেন। কিন্তু আমি বলব, কংগ্রেসের সঙ্গে মিলিত হওয়ার বদলে অজিত পওয়ার ও একনাথ শিন্ডের কাছে আসুন।”
প্রসঙ্গত, ২০২২ সালে যেভাবে উদ্ধব ঠাকরে ও একনাথ শিন্ডের বিবাদে শিবসেনা ভেঙে দুই ভাগ হয়ে যায়, ঠিক সেভাবেই গত বছর ভেঙে দুই টুকরো হয়ে যায় ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি বা এনসিপি। শরদ পওয়ার ও তাঁর ভাইপো অজিত পওয়ারের মধ্যে দুই শিবির ভাগ হয়ে যায়। অজিত পওয়ারের দল আদালতে আসল এনসিপির পরিচয় পায়। শরদ পওয়ারের দলের নাম হয় এনসিপি (শরদ পওয়ার)।
এদিকে, প্রধানমন্ত্রীর এই মন্তব্যের প্রতিক্রিয়ায় শরদ পওয়ার বলেন যে তিনি এমন কোনও ব্যক্তি, দল বা মতধারার সঙ্গে হাত মেলাতে পারবেন না যে বা যারা সংসদীয় গণতন্ত্রে বিশ্বাস করে না। দেশের একতা বজায় রাখতে সমস্ত বিশ্বাসকেই গ্রহণ করতে হবে।
প্রবীণ এনসিপি নেতা বলেন, “প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বক্তৃতা বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভাজন তৈরি করছে, যা দেশের জন্য ভয়ঙ্কর। দেশের স্বার্থবিরোধী এমন কোনও কিছুর সঙ্গে আমি বা আমার সতীর্থরা যুক্ত থাকব না।”