চলন্ত ট্রেনে এই কাজ করলে শ্রীঘরে যাওয়া পাকা! – Bengali News | If you do these things in train you will be fined even may go to jail also
নয়া দিল্লি: এশিয়ার তথা বিশ্বেরও অন্যতম বড় রেল নেটওয়ার্ক হল ভারতীয় রেলওয়ে। প্রতিদিন লক্ষাধিক মানুষ ট্রেনে যাতায়াত করেন। শুধু যাত্রী পরিষেবার দিকেই নজর নয়, ভারতীয় রেলের একাধিক নিয়মও রয়েছে। যে নিয়ম না মানলেই আর্থিক জরিমানা ও হাজতবাসের মতো কড়া শাস্তি হতে পারে। আপনিও যদি রেলের এই নিয়মগুলি সম্পর্কে অবগত না হন, তবে এখনই জেনে নিন, নাহলে পরে চরম সমস্যায় পড়তে পারেন।
ভারতীয় রেলে ভ্রমণের ক্ষেত্রে যে নিয়মগুলি রয়েছে, তার মধ্যে অন্যতম হল ট্রেনে ধূমপান ও মদ্যপান নিষিদ্ধ। যদি কোনও ব্যক্তি ধূমপান বা মদ্যপান করতে গিয়ে ধরা পড়েন, তাকে জরিমানা তো দিতেই হবে। একইসঙ্গে জেলে পর্যন্ত যেতে হতে পারে।
ধূমপানের শাস্তি-
ট্রেনে ধূমপান থেকে অগ্নিসংযোগের সম্ভাবনা থাকে, সেই কারণে সিগারেট, বিড়ি, গাঁজা সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কোনও ব্যক্তি ট্রেনের শৌচাগারে বা অন্য কোথাও ধূমপান করতে গিয়ে ধরা পড়েন, তবে রেলওয়ে আইনের ১৬৭ ধারা অনুযায়ী ১০০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। পাশাপাশি জেলও হতে পারে।
মদ্য়পানের শাস্তি-
রেলওয়ের নিয়ম অনুযায়ী, লোকাল বা দূরপাল্লার ট্রেনে মদ্যপান করা সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কোনও ব্যক্তির কাছ থেকে মদ উদ্ধার হয় বা তিনি মদ্যপান করতে গিয়ে ধরা পড়েন, তবে রেলওয়ে আইন ১৯৮৯-র ১৪৫ ধারা অনুযায়ী, ৫০০ টাকা জরিমানা ও ৬ মাস পর্যন্ত জেল হতে পারে।
এছাড়া ট্রেনে বিনা টিকিটে ভ্রমণও শাস্তিযোগ্য অপরাধ। ধরা পড়লে টিকিটের মূল্যসহ আর্থিক জরিমানা করা হতে পারে। এমনকী, পরবর্তী স্টেশনে ট্রেন থেকে নামিয়েও দেওয়া হতে পারে। ট্রেন ও প্ল্যাটফর্মে যত্রতত্র থুতু, পানের পিক, গুটখা ফেলে নোংরা করলেও আর্থিক জরিমানা করা হতে পারে।