হাঁটুর বয়সী কিশোরীকে বিয়ে করতে চেয়েছিল, শখ না মিটতেই এক কোপে আলাদা করল ধড় থেকে মুণ্ড! – Bengali News | Karnataka Man Beheads Minor Girl After Child Right Commission Stopped their Wedding
বেঙ্গালুরু: পাত্রের বয়স ৩২, পাত্রীর বয়স ১৬! কার্যত হাঁটুর বয়সী মেয়েকেই বিয়ে করার পণ নিয়েছিলেন যুবক। বাড়ির লোকজনকে অনেক কিছু বুঝিয়ে রাজিও করে নিয়েছিলেন, বাগদানও হচ্ছিল। কিন্তু শেষ মুহূর্তেই খবর পেয়েই পৌঁছে গেল শিশু সুরক্ষা কমিশন। থামিয়ে দেওয়া হল বাগদান। এই অপমান সহ্য হল না যুবকের। রাগে এক কোপে কিশোরীর ধড় থেকে আলাদা করে দিলেন মুণ্ড।
ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে কর্নাটকের মাদিকেরিতে। ১৬ বছরের এক কিশোরীকে মাথা কেটে খুন করে তাঁর হবু বর। জানা গিয়েছে, ওই কিশোরী এবার দশম শ্রেণির পরীক্ষা দিয়েছিল। বুধবারই দশম শ্রেণির ফলপ্রকাশ হয়। আর বৃহস্পতিবারই তাঁর বাগদানের ব্যবস্থা করে পরিবারের সদস্যরা। মূলত যুবকের জোরাজুরিতেই রাজি হয়েছিল ওই কিশোরীর পরিবার।
তবে এলাকাবাসীর কাছ থেকে নাবালিকার বিয়ের খবর পায় শিশু সুরক্ষা কমিশন। সঠিক সময়ে গিয়ে ওই যুবকের সঙ্গে কিশোরীর বাগদান আটকে দেওয়া হয়। পরিবারের সদস্যরাও প্রতিশ্রুতি দেন যে সাবালিকা না হওয়া অবধি তাঁর বিয়ে দেবেন না। যুবকের পরিবার প্রথমে আপত্তি করলেও, পরে তারাও রাজি হন।
সবকিছু ঠিকঠাকই ছিল। কিন্তু ঘণ্টাখানেক পর হঠাৎই আবার কিশোরীর বাড়িতে চড়াও হয় যুবক। গালিগালাজ করতে থাকে কিশোরীর মা-বাবাকে। তাঁদের ধাক্কা মেরে সরিয়ে বাড়ির ভিতরে চলে যায়। চুলের মুঠি ধরে হিড়হিড় করে কিশোরীকে বাড়ি থেকে বের করে আনে। এরপর প্যান্টের পিছনে লুকিয়ে রাখা কাটারি বের করে কিশোরীর গলায় কোপ বসায়। এক কোপে ধড় থেকে মুণ্ড আলাদা করে দেয়। কিশোরীকে খুনের পরই পালিয়ে যায় অভিযুক্ত।
অভিযুক্ত যুবকের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।