কালো-মোটা বলে অপমান! ঘর ভাঙছে সলমন খানের বোনের? – Bengali News | Aayush Sharma recalls paparazzi asking him about his divorce
কালো-মোটা বলে অপমান! ঘর ভাঙছে সলমন খানের বোনের?
অর্পিতা খান– সম্পর্কে সলমন খানের বোন তিনি। না, তাঁদের মধ্যে রক্তের কোনও সম্পর্ক নেই। বাবা-মা হারা অর্পিতাকে খুব ছোট বয়সেই দত্তক নেন সলমন খানের বাবা সেলিম খান। ২০১৪ সালে অভিনেতা আয়ুষ শর্মার সঙ্গে বিয়ে হয় অর্পিতার। সব ঠিকই চলছিল। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁর ও অর্পিতার বিয়ে ভাঙার গুঞ্জন নিয়ে মুখ খুললেন আয়ুষ। একই সঙ্গে জানালেন সত্যিটা।
এক ঘটনা শেয়ার করে আয়ুষ বলেন, “আমি ছেলের সঙ্গে ধোসা কিনতে গিয়েছিলাম। আচমকাই পাপারাৎজি ঘিরে ধরে আমাকে। এর পরেই জানতে চায়, আমার ও অর্পিতার কি ডিভোর্স হচ্ছে?” ঘটনায় কার্যত অবাক হয়ে যান আয়ুষ, দাবি তাঁর। তাঁর কথায়, “আমি বাড়ি ফিরে ওকে জিজ্ঞাসা করি, ও কি আমায় ডিভোর্স দিতে চলেছে? ও গোটা ব্যাপারটা শুনে হাসিতে ফেটে পড়ে।” ঘর ভাঙার গুঞ্জন যে সত্যি নয় তা পরিষ্কার করে দিয়েছেন আয়ুষ।
অর্পিতাকে নিয়ে কটাক্ষের শেষ নেই। কখনও তাঁর গায়ের রঙ, আবার কখনও স্থূলতা নিয়ে সমালোচনার শিকার হতে হয় তাঁকে। স্ত্রীকে লাগাতার অপমান নিয়ে অতীতে মুখ খুলেছিলেন আয়ুষ। তিনি বলেন, “দিন রাত্রি আমার স্ত্রীকে নিয়ে ট্রোলিং চলছেই। সেলিব্রিটি মানে যেন মোটা হওয়া নিষেধ। সেলিব্রিটি হয়েছে বলেই যেন ওকে নির্দিষ্ট ড্রেস-কোড মেনে চলতে হবে। ও কালো… আর তাই যতবারই ওর ছবি অনলাইনে ভাইরাল হয়, ঠিক ততবারই ওকে মনে করিয়ে দেওয়া হয় যে ও কালো। এখন আর কেউ মনের সৌন্দর্য দেখে না। কেউ জানতেও চায় না মানুষ হিসেবে সে কতটা সুন্দর…বাইরে থেকে কে কতটা সুন্দর সেটাই এখন আলোচনার বিষয় হয়ে গিয়েছে।” আয়ুশ শর্মার আগে অর্জুন কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন অর্পিতা। কিন্তু সেই প্রেম টেকেনি। এই মুহূর্তে অর্জুন অর্পিতার প্রাক্তন বৌদি মালাইকা অরোরার সঙ্গে সম্পর্কে। অন্যদিকে আয়ুশের সঙ্গে সম্পর্কে খুশি অর্পিতা। তাঁদের দুই সন্তান রয়েছে।