Dilip Ghosh: ‘ফের প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী, তারপর দেখবেন কী হয়…’, কিসের ইঙ্গিত দিলীপের? – Bengali News | Narendra Modi will be the Prime Minister again, then we will see what happens, what Dilip Ghosh indicated
দিলীপ ঘোষ, বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থীImage Credit source: Tv9 Bangla
মন্তেশ্বর: হাতে আর ক’টা দিন। তারপরেই ভোট। তাই শেষবেলায় জোরকদমে প্রচারে ঝাঁপাচ্ছে দিলীপ ঘোষ। এবার সেই প্রচার মঞ্চে একেবারে রণংদেহি মূর্তিতে দেখা গেল পদ্ম নেতাকে। বর্ধমানের এক বিজেপি কর্মীকে বাড়িছাড়া করার হুমকি দেওয়ার অভিযোগ শুনেই শাসকদল গুন্ডাদের এবার বাড়ি ছাড়া করার হুঁশিয়ারি দিলেন। রীতিমতো হুঙ্কারের সুরে বললেন, বউ বাচ্চার মুখ দেখতে পাবে না, মেয়ের বিয়েতে সম্প্রদান করতে পারবে না, ছেলের বিয়ে দিতে পারবে না। তাঁর এ মন্তব্য নিয়েই এখন জোর শোরগোল শুরু হয়ে গিয়েছে জেলার রাজনৈতিক মহলে।
এদিন মন্তেশ্বরের পিপলনে এক বুথ কর্মী সম্মেলনে এসেছিলেন দিলীপ। সেখান থেকেই এই চড়া ভাষাতে আক্রমণ শানাতে দেখা যায় তাঁকে। সাফ বলেন, জেলে গিয়ে সিমেন্টের বিছানায় লাল লাল ইট মাথায় দিয়ে শুতে হবে। বালিশও জুটবে না। এরপরই দিলীপবাবু বলেন, ৪ জুন ভোটের ফল সামনে আসবে। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী। তারপর দেখবেন ইডি, সিবিআই কী করে! অভিযুক্তদের ইঁদুরের গর্ত থেকে বের করা হবে। তারপর বর্ধমান জেল না হয় তিহারে পাঠানো হবে।
এই খবরটিও পড়ুন
এদিকে বুধবার রাতে আবার বর্ধমানের বীরহাটা মোড়ে দিলীপ ঘোষের রোড শো-কে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। পুলিশ রোড শো আটকালে পদ্ম কর্মীদের সঙ্গে তুমুল বচসা পুলিশের। ধস্তাধস্তিও হয়। শেষ পর্যন্ত পুলিশি অনুমতি না থাকায় রোড শো বন্ধ হয়ে যায়।