‘বাসন্তী’র প্রেমে থানা থেকে পালিয়ে বিদ্যুতের খুঁটিতে চড়ল ‘বীরু’! শর্ত মেটাতে নাকানি-চোবানি খেল পুলিশ – Bengali News | Uttar Pradesh Man Flee from Police Station, Climbs Electric Poles, Demands to Meet Girlfriend before Coming Down
প্রেমিকার অপেক্ষায় বিদ্যুতের খুঁটিতে যুবক।Image Credit source: Twitter
লখনউ: শোলে সিনেমার ওই দৃশ্যটা মনে আছে, বাসন্তীকে বিয়ের জন্য রাজি করাতে জলের ট্যাঙ্কের উপরে চড়েছিল বীরু! শেষে বাসন্তী বিয়ে করতে রাজি হওয়ার পরই নেমেছিল বীরু। এত বছর পরও শোলে যেমন জনপ্রিয়, তেমনই জনপ্রিয় বীরু-বাসন্তীর এই দৃশ্যও। এবার পর্দায় নয়, বাস্তবেও খোঁজ মিলল বাসন্তী ও বীরুর। তবে গল্পে একটু টুইস্ট আছে। এই বীরু বাসন্তীর প্রেমে পুলিশের লাঠির বাড়ি খায়। থানা থেকে পালিয়ে চড়ে বসে বিদ্য়ুতের খুঁটিতে!
কোনও সিনেমার স্ক্রিপ্ট নয়, বাস্তবেই ঘটেছে এমন ঘটনা। এক যুবক থানা থেকে পালিয়ে উঠে পড়ে সামনের একটি বিদ্যুতের খুঁটিতে। পুলিশ তাঁকে ধরে নামাতে গেলে, শর্ত দেয় যে যতক্ষণ অবধি তাঁর প্রেমিকা ও মিডিয়া আসছে না, ততক্ষণ সে বিদ্যুতের খুঁটির উপরেই বসে থাকবে। এদিকে বিপদ ঘটার আশঙ্কায় পুলিশ। ওই যুবককে ধরে বেঁধে নামাতে কার্যত নাকানি-চোবানি খেতে হল পুলিশকে।
ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের আম্বেদকর নগরে। সেখানের জিতপুর গ্রামের বাসিন্দা অঙ্কুশ গুপ্তা গ্রামেরই একটি মেয়ের প্রেমে পড়েন। কিন্তু পরিবারে জানাজানি হতেই বেঁকে বসে যুবতীর পরিবার। দেখা-সাক্ষাৎ বন্ধ হয়ে যায়। যুবতীর পরিবার পুলিশেও অভিযোগ দায়ের করে ওই যুবকের বিরুদ্ধে।
সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয় যুবককে। আনা হয় থানায়। রাতভর লকআপে কাটানোর পর সকালে শৌচালয়ে যাওয়ার অজুহাত দিয়ে লক-আপ থেকে বের হয় যুবক। এরপর সুযোগ বুঝেই থানা থেকে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গেই পিছনে ধাওয়া করে পুলিশও। কিন্তু কিছু দূর গিয়েই একটি বিদ্যুতের খুঁটির উপরে চড়ে বসে ওই যুবক। পুলিশ তাঁকে নামানোর চেষ্টা করলে, ঝাঁপ দেওয়ার হুমকি দেয়।
যুবক শর্ত দেয়, যতক্ষণ অবধি তাঁর প্রেমিকা ও সংবাদমাধ্যমকে ডাকা না হচ্ছে, ততক্ষণ সে বিদ্যুতের খুঁটির উপরই বসে থাকবে। এদিকে, হাইভোল্টেজ ওই খুঁটি থেকে যাতে বিপদ না ঘটে, সেই চিন্তায় ঘামছেন পুলিশ কর্মীরা। শেষ পর্যন্ত যুবকের প্রেমিকাকে আনা হয়। এরপর খুঁটি থেকে নামে পাগল প্রেমিক।