Partha Chatterjee and Kunal Ghosh: ‘কী জঘন্য কাজ করেছে!’ এতদিনে কুণালকে বাগে পেয়ে সব ফাঁস করলেন জেলবন্দি পার্থ – Bengali News | Partha Chatterjee slams Kunal Ghosh amid ongoing controversy over TMC Leader
কলকাতা: পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর বিভিন্ন সময়ে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে খোঁচা দিয়ে গিয়েছেন কুণাল ঘোষ। কখনও বলেছেন, ‘ক্ষমাহীন অপরাধের’ কথা। কিছুদিন আগে এসএসসি মামলার রায়ের পর বলেছিলেন, পার্থদের ‘পাপের ফল’ ভুগতে হচ্ছে দলকে। জেলবন্দি পার্থ অবশ্য এতদিন চুপ থাকার পর অবশেষে মুখ খুলেছেন। সুযোগ বুঝে বাগে পেয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে অপসারিত কুণালকে একহাত নিয়েছেন জেলবন্দি তৃণমূলের প্রাক্তন মহাসচিব।
নিয়োগ দুর্নীতি মামলায় পার্থর ‘বান্ধবী’ অর্পিতার বাড়ি থেকে গাদা গাদা নোটের পাহাড় উদ্ধার হয়েছিল। তারপরই অর্পিতা ও পার্থকে গ্রেফতার করেছিল ইডি। কেন্দ্রীয় এজেন্সির হাতে পার্থ গ্রেফতার হতেই, তাঁকে অবিলম্বে মন্ত্রিত্ব ও দলীয় পদ থেকে সরানোর পক্ষে সওয়াল করেছিলেন কুণাল ঘোষ। পরে দলের তরফেও সেই সিদ্ধান্তই নেওয়া হয়েছিল। এবার সেই কুণাল ঘোষকেই দলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে সরানো হয়েছে। কুণালকে ঘিরে যখন রাজ্য রাজনীতিতে এই বিতর্ক শুরু হয়েছে, তখন ঝোপ বুঝে কোপ মারলেন পার্থও।
কুণাল ঘোষ প্রসঙ্গে জেলবন্দি পার্থ আজ বলেই ফেললেন, “কুণাল ঘোষকে অনেক আগেই দল থেকে তাড়িয়ে দেওয়া উচিত ছিল। সে যা ক্ষতি করছে, বিরোধী দল এত ক্ষতি করেনি। জেলে এসে জানলাম, কত হিনিয়াস অ্যাক্টিভিটি করেছে কুণাল।”