Watermelon: তরমুজের নামে বাজারে বিকোচ্ছে ‘বিষ’! আসল-নকল চিনবেন কী করে?
গরম পড়েছে প্রচণ্ড। বইছে তাপপ্রবাহ। শরীর তো ঠান্ডা রাখতে হবে। তার জন্য ঠান্ডা ঠান্ডা তরমুজে কামড় বসাচ্ছেন অনেকেই। কিন্তু সত্যি কি তরমুজ খাচ্ছেন নাকি বিষে কামড় বসাচ্ছেন?
এই গরমে শরীরে যাতে জলের মাত্রা কমে না যায়, তার জন্য আম, তরমুজ, লিচুর মতো মরশুমি ও জলীয় ফল খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। কিন্তু সেই মরশুমি ফলেও লুকিয়ে রয়েছে বিষ।
বাজারে দেদার বিকোচ্ছে লাল টুকটুকে তরমুজ। চাহিদাও বিপুল। কিন্তু সেই তরমুজের মধ্যেই মেশানো হচ্ছে বিষ। কৃত্রিমভাবে বিভিন্ন রাসায়নিক প্রয়োগ করা হচ্ছে তরমুজের মধ্যে।
সময়ের আগেই যাতে তরমুজ পেকে যায় বা লাল দেখায় এবং বেশিদিন টেকে, তার জন্য এরিথরোসিন নামক এক ধরনের রাসায়নিক মেশানো থাকে, যা শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকর।
কীভাবে বুঝবেন কোনটা আসল, কোনটা নকল তরমুজ? তরমুজ কেটে যদি তার রসালো অংশে একটি তুলোর বল ঘষেন এবং তুলোটি লাল হয়ে যায়, তবে বুঝবেন রাসায়নিক প্রয়োগ করা হয়েছে তরমুজে।
তরমুজের উপরে যদি সাদা গুড়ো পাউডারের মতো কোনও জিনিস দেখতে পান, তবে খুব সাবধান। এটা কার্বাইড হতে পারে, যা তরমুজ পাকানোর জন্য ব্যবহার করা হয়েছে।
আসল তরমুজ চেনার সহজ উপায় হল, তরমুজের উপরে হলুদ চিহ্ন। এর প্রমাণ হল তরমুজটি প্রাকৃতিকভাবে পেকেছে। এতে কোনও রাসায়নিক প্রয়োগ হয়নি।
যদি মাটির মতো জাল বা ঘষে যাওয়ার মতো চিহ্ন থাকে, তাহলেও বুঝবেন তরমুজটি আসল।







