Tapas on Kunal Ghosh: ‘কুণাল যখন জেলে ছিল, ও খ্যাঁক খ্যাঁ করে হাসত’, তরজা নিয়ে আর কী বললেন তাপস – Bengali News | Tapas Roy praises Kunal Ghosh, attacks Sudip Banerjee amid controversy
কুণাল সম্পর্কে কী বললেন তাপসImage Credit source: GFX- TV9 Bangla
কলকাতা: ভোট আবহে বঙ্গ রাজনীতিতে ফের নতুন করে শুরু তরজা। সব দল যখন নিজের প্রচারে ব্যস্ত, তখন হঠাৎ মঞ্চে উঠে দলীয় প্রার্থীর থেকে বিজেপি প্রার্থীকে এগিয়ে রাখার কথা বলেছেন কুণাল ঘোষ। উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তথা সদ্য তৃণমূল ছেড়ে আসা তাপস রায়ের বাড়িতে এর আগে দেখা গিয়েছিল কুণাল ঘোষকে। এবার প্রকাশ্যে কুণাল এমন প্রশংসা করার পরই তৃণমূল তাঁকে রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দিয়েছে। প্রেস বিবৃতিতে জানানো হয়েছে সেই খবর। এই ঘটনার পরই তাপস রায় বললেন, ‘সুদীপ বন্দ্যোপাধ্যায় কান্নাকাটি করলেই পদক্ষেপ হয়।’
এদিন কুণালের মতোই পাল্টা প্রশংসা করেছেন তাপস রায়ও। তিনি জানিয়েছেন, কুণাল ঘোষ যখন একাদশ শ্রেণিতে পড়তেন, তখন থেকে চেনেন তিনি। তাপস আরও বলেন, জেল খাটার পরও কুণাল ঘোষ যেভাবে তৃণমূলের জন্য কাজ করছে, ছুটে বেড়াচ্ছে, তা প্রশংসার যোগ্য।
তৃণমূল প্রার্থী তথা বিদায়ী সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নাম না করে তাপস বলেন, “কুণাল যখন জেলে ছিল, ও তখন খ্যাঁক খ্যাঁক করে হেসে মজা নিত। তারপরও নিজেরও জেল যাত্রা হয়েছিল। প্রত্যেকের কষ্টে, যন্ত্রণায় ও আনন্দ উপভোগ করত। অনেক কষ্ট দিয়েছে।”
তবে কুণাল-সুদীপ তরজায় যে দলের অস্বস্তি বেড়েছে তেমনটা বলাই যায়। তৃণমূলের তরফে লেখা বিবৃতিতে বলা রয়েছে, সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার কুণাল ঘোষ এমন কিছু মন্তব্য করেছেন, যা দলের নীতির সঙ্গে মেলে না। তিনি ব্যক্তিগত মন্তব্য করছেন, তা দলের হয়ে চালিয়ে যাচ্ছেন।