BJP: ‘এক ফোনে দিদিভাই’, ভোট বঙ্গে এবার নয়া কর্মসূচি বিজেপির, কারা পাবেন এই সুযোগ – Bengali News | West Bengal BJP Medinipur Candidate Agnimitra paul launches new initiative ahead of Lok Sabha Election
মেদিনীপুর: লোকসভা ভোটের প্রচার পর্বে এবার অভিনব উদ্য়োগ মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের। চালু করলেন ‘এক ফোনে দিদিভাই’ কর্মসূচি। বুধবার বিকেলে মেদিনীপুর থেকে সাংবাদিক বৈঠক করে এই নতুন উদ্যোগের কথা ঘোষণা করলেন বিজেপি প্রার্থী। অগ্নিমিত্রার কাছে নিজেদের কথা এবার সরাসরি জানাতে পারবেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাধারণ মানুষজন। সে জন্য একটি ফোন নম্বরও প্রকাশ করেছেন তিনি। অগ্নিমিত্রা জানালেন, সকাল ১০টা থেকে সন্ধে ৬ পর্যন্ত সেই নম্বরে ফোন করতে পারবেন মেদিনীপুরবাসী। নিজেদের সমস্যার কথা কিংবা মেদিনীপুরের উন্নয়নের জন্য কোনও আইডিয়ার কথা সাধারণ মানুষরা জানাতে পারবেন সেই নম্বরে।
বিজেপি প্রার্থী বলেন, ‘মেদিনীপুরকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তার আইডিয়া দিতে পারবেন মানুষজন। নিজেদের সমস্যার কথা জানাতে পারবেন তাঁরা।’ বিজেপি প্রার্থীর আশ্বাস, তিনি চেষ্টা করবেন সমস্যা সমাধান করার। যে সমস্যাগুলি এখন সমাধান করতে পারবেন না, সেগুলি ভোট পরবর্তী সময়ে জিতে সাংসদ হয়ে এলে সমাধানের চেষ্টা করবেন। অগ্নিমিত্রার বক্তব্য, ‘প্রত্যেকটি জায়গার সমস্যা নথিভুক্ত করে রাখা দরকার। সেই কারণে এই নম্বরে যে সমস্যা বা ইস্যুগুলি আসবে, সেগুলি নথিভুক্ত করে রাখা হবে।’
শুধু ‘এক ফোনে দিদিভাই’ কর্মসূচি প্রকাশই নয়, এর পাশাপাশি মেদিনীপুর লোকসভা কেন্দ্রে বিজেপির ভোটের লড়াইয়ের একটি থিম সং-ও প্রকাশ করেন অগ্নিমিত্রা পল। লোকসভা ভোটের প্রচার পর্বে মানুষের আরও কাছাকাছি পৌঁছে যেতে এই নয়া উদ্যোগ মেদিনীপুর বিজেপি প্রার্থীর। উল্লেখ্য, এই মেদিনীপুর লোকসভা আসন অতীতের ভোটে বিজেপি জেতা কেন্দ্র। এখানকার বিদায়ী সাংসদ দিলীপ ঘোষ। তাঁকে এবার বর্ধমান-দুর্গাপুরের ভোট ময়দানে নামিয়েছে বিজেপি নেতৃত্ব। আর মেদিনীপুর থেকে প্রার্থী করা হয়েছে অগ্নিমিত্রাকে।