LSG vs CSK, IPL 2024: হলুদ আর্মিতে ফিরলেন দীপক, শুরুতেই ধোনির ব্যাটিং দেখার সুযোগ করে দিলেন রাহুল – Bengali News | Lucknow Super Giants captain KL Rahul won toss and elected to bowl first against Chennai Super Kings in IPL 2024
LSG vs CSK, IPL 2024: হলুদ আর্মিতে ফিরলেন দীপক, শুরুতেই ধোনির ব্যাটিং দেখার সুযোগ করে দিলেন রাহুলImage Credit source: X
কলকাতা: মাহির মুখে রয়েছে চওড়া হাসি। আর তিনি এই মুহূর্তে রয়েছেন লখনউয়ে। যে শহরে যখনই কেউ যায় একটা কথা অবশ্যই বলা হয়। তা হল, ‘মুসকুরায়ে আপ লখনউ ম্যায় হ্যায়।’ শুক্র-রাতে হাসি মুখে ধোনির টিম মাঠ ছাড়তে পারে কিনা সেদিকে নজর থাকবে। হলুদ আর্মিকে ঘরের মাঠে হারিয়ে ২ পয়েন্ট ঝুলিতে ভরতে চায় লখনউ সুপার জায়ান্টস। একানা স্টেডিয়ামে আইপিএলের (IPL) ম্যাচে টস জিতেছেন লখনউয়ের অধিনায়ক লোকেশ রাহুল। মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni), রবীন্দ্র জাডেজাদের বিরুদ্ধে এ বার লখনউ জেতে কিনা সেটাই দেখার অপেক্ষা। জোড়া ম্যাচ জিতে লখনউতে এসেছে ইয়েলোব্রিগেড। আজ লোকেশ রাহুলদের (KL Rahul) পরীক্ষা হারের হ্যাটট্রিক আটকানোর।
টস জিতে লখনউয়ের অধিনায়ক কেএল রাহুল প্রথমে ঋতুরাজ গায়কোয়াড়ের টিমকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন। রাহুল টসের পর বলেন, ‘আমরা প্রথমে বোলিং করব। উইকেট ভালো দেখাচ্ছে। শিশির খুব একটা প্রভাব ফেলবে বলে মনে হয় না। আমাদের ঠিক কত রান তাড়া করতে হবে, সেটা জানতে চাই। আমরা কিছু বড় ভুল করেছি বলে মনে করি না। তবে কেকেআরের বিরুদ্ধে শেষ ম্যাচের হারটা বিরাট ধাক্কা ছিল। তা কাটিয়ে উঠেছি। আমি জানি টুর্নামেন্টের মাঝপথে চলে এসেছি। আমরা ভয় পেলেই সব ছড়িয়ে যাবে। আমরা যতটা সম্ভব রিল্যাক্স থাকার চেষ্টা করছি। আজ একাদশে একটাই পরিবর্তন। শেমার জোসেফের জায়গায় এসেছে ম্যাট হেনরি।’