Rahul Gandhi: অভিষেকের পর এবার রাহুল গান্ধীর কপ্টারে তল্লাশি – Bengali News | Election officials on Monday conducted checks in a helicopter carrying Congress leader Rahul Gandhi at nilgiri
রাহুল গান্ধী। ফাইল চিত্র। Image Credit source: TV9 Bangla
নয়াদিল্লি: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর এবার রাহুল গান্ধীর কপ্টারে তল্লাশি। তল্লাশি চালাল নির্বাচন কমিশনের ফ্লাইয়িং স্কোয়াড। নির্বাচন কমিশনের তরফ থেকে আগেই জানানো হয়েছিল, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন যে সমস্ত প্রার্থী, তাঁরা যদি হেভিওয়েটও হন, প্রত্যেকের নির্বাচনী খরচের ক্ষেত্রে কী কী পদক্ষেপ করা হচ্ছে, সে বিষয় নির্বাচন কমিশন নজরে রাখবে। রবিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপারে তল্লাশি চলে। তা চালিয়েছিল আয়কর দফতর। এবার রাহুলের কপ্টারে তল্লাশি চালাল নির্বাচন কমিশনের বিশেষ স্কোয়াড।
সোমবার তামিলনাড়ুর নীলগিরিতে নির্বাচন কমিশনের একটি টিম তল্লাশি চালায়। যে বিষয় নিয়ে এই মুহূর্তে খোঁজ নেওয়া হচ্ছে, কোনও নেতার যানবাহনে অর্থ থাকছে কি না। তবে এ নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে কংগ্রেস। তাদের দাবি, রাহুল গান্ধীকে টার্গেট করা হচ্ছে। বিজেপি নেতাদের গাড়ি বা কপ্টারে এ ধরনের কোনও তল্লাশি কেন হচ্ছে না, প্রশ্ন কংগ্রেসের।
সোমবার হলদিয়ায় যাওয়ার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বৈঠক রয়েছে দলীয় নেতাদের নিয়ে। তার আগে রবিবার দুপুরে বেহালা ফ্লাইং ক্লাবের ভিতরে অভিষেকের চপারের ট্রায়াল রান চলছিল। কলকাতা পুলিশের টিমও ছিল সেখানে। তৃণমূলের অভিযোগ, আয়কর দফতরের দল গিয়ে সেই চপারে তল্লাশি চালায়। সোমবারও অভিষেক বন্দোপাধ্যায় বেহালা ফ্লায়িং ক্লাবে আসার আগে নির্বাচন কমিশনের তিনজন প্রতিনিধি আসেন এখানে।
তবে এ নিয়ে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেন, যেদিন কমিশনের ফুল বেঞ্চ দিল্লিতে প্রেস মিট করেছিল সেদিনই তারা বলেছিল রাজনৈতিক নেতারা যে চাটার্ড ফ্লাইট বা চপার ব্যবহার করবেন সেখানে তল্লাশি করা হবে। সেই দায়িত্ব আয়কর বিভাগকে দেওয়া হয়েছিল।