কাঞ্চন অতীত! ‘বয়ফ্রেন্ড- কাণ্ডের’ এক দিন পর কী লিখলেন পিঙ্কি? – Bengali News | Pinky banerjee has a new boyfriend, wishes everyone in poila baishak
খুব তিক্তভাবেই শেষ হয়েছে দু’জনের সম্পর্ক।
শনিবার মধ্যরাতে অভিনেত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের একটি পোস্ট দেখে চমকে উঠেছিলেন সকলে। তিনি নাকি ফের প্রেমে পড়েছেন। জীবন থেকে কাঞ্চন অধ্যায় মুছে ফেলে আবারও শুরু করেছেন নতুন যাপন! সেই নিয়ে কম জলঘোলা হয়নি। যদিও মাত্র কয়েক ঘণ্টা পরেই সেই পোস্ট মুছে ফেলেন তিনি। বয়ফ্রেন্ড-কাণ্ড ফিকে হতে না হতেই ফের সামাজিক মাধ্যমে হাজির হলেন পিঙ্কি। লাল লিপস্টিক আর বোল্ড লুকে নিজের একটি ছবি শেয়ার করে লিখলেন, “শুভ হোক সব কিছু।” সাম্প্রতিক পোস্টে যে হুলস্থূল হচ্ছে তা ফের টেনে আনতে চান না তিনি, এমনটাই যেন আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিলেন পিঙ্কি।
শুক্রবার মধ্যরাতে আচমকাই পিঙ্কির ফেসবুক প্রোফাইল থেকে একটি পোস্ট। যাতে লেখা তিনি নাকি সম্পর্কে রয়েছেন। শুধু কি তাই, ‘প্রেমিক’ হিসেবে ট্যাগ করা হয় এক ব্যক্তির প্রোফাইলও। ফেসবুক অনুযায়ী, সেই ব্যক্তির নাম আশিস ঘোষ। পেশায় নাকি তিনি আইপিএস। যদিও বেলা বাড়তেই সেই পোস্ট মুছে দেওয়া হয়। তবে আলোচনা থামেনি। প্রশ্ন ওঠে, তবে কি হ্যাক হয়েছে পিঙ্কির প্রোফাইল? যদিও এই নিয়ে মুখ খুলতে চাননি পিঙ্কি। টিভিনাইন বাংলার তরফে এই নিয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাঁকে পাওয়া যায়নি।
এই বছরই জানুয়ারি মাসে কাঞ্চন মল্লিকের সঙ্গে পাকাপাকি ভাবে বিচ্ছেদ হয় পিঙ্কির। এর পরেই শ্রীময়ী চট্টরাজকে বিয়ে করেন উত্তরপাড়ার বিধায়ক। বয়সে শ্রীময়ীর চেয়ে প্রায় ২৭ বছরের বড় কাঞ্চনের, তা নিয়েও আলোচনা কম হয়নি। অতীতে পিঙ্কি জানিয়েছিলেন, এখনই সম্পর্কে জড়াতে চান না তিনি। আপাতত ছেলে ওশকে নিয়ে তাঁর সুখের সংসার।