Darivit Case in High Court: সশরীরে হাজিরা দিতে হবে শুনেই বিচারপতি মান্থার এজলাসে ছুটলেন এজি, নির্দেশে আংশিক পরিবর্তন – Bengali News | Darivit Case: Justice Rajashekhar Mantha changes order after AG appealed
কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। Image Credit source: GFX- TV9 Bangla
কলকাতা: দাড়িভিট মামলায় আদালত নির্দেশ দেওয়ার পরও অনলাইনে হাজিরা দেননি রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব। রুল জারি করে হাইকোর্ট ওই হাজিরার নির্দেশ দিয়েছিল কিছুদিন আগে। তারপরই হাজিরা না দেওয়ায় এবার তাঁদের সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। আর সেই নির্দেশ দেওয়ার পরই ফের আদালতের দ্বারস্থ হন অ্যাডভোকেট জেনারেল। সশরীরে হাজিরার নির্দেশ যাতে পরিবর্তন করা হয়, সেই আর্জি জানান তিনি। এরপরই রায় আংশিক পরিবর্তন করেন বিচারপতি মান্থা।
দাড়িভিট মামলায় এনআইএ-র হাতে কেন তথ্য তুলে দেওয়া হচ্ছে না, তা জানতেই অনলাইনে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল রাজ্যের শীর্ষ আধিকারিকদের। তাঁরা হাজিরা না দেওয়ায় শুক্রবার আদালত নির্দেশ দেয়, সশরীরে হাজিরা দিতে হবে আধিকারিকদের। হাজিরা না দিলে গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে বলেও উল্লেখ করেন বিচারপতি।
এজি রায় পরিবর্তনের আর্জি জানালে বিচারপতি মান্থা বলেন, “আগের দিন তাঁদের ভার্চুয়াল মাধ্যমে হাজির থাকতে কে বাধা দিয়েছিল? শুধু বিচার ব্যবস্থার নয়, রাজ্যের সম্মানও নষ্ট করলেন এরা। এটা কোনও ব্যক্তিগত ইস্যু নয়, এটা একটা প্রতিষ্ঠানের জন্য খারাপ বার্তা।” তিনি আরও বলেন, “তাঁরা কোনও নীচুতলার কর্মী নন, রাজ্যের শীর্ষ আমলা। বাধ্য হয়ে তাঁদের হাজির হতে বলা হয়েছিল।”
এই খবরটিও পড়ুন
এরপরই রায়ের আংশিক পরিবর্তন করে আদালত। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও এডিজি সিআইডি-কে হলফনামা দিয়ে বক্তব্য জানাতে হবে। আগামী সোমবার সকাল সাড়ে ১০টায় সশরীরে হাজিরা দেওয়ার পরিবর্তে ভার্চুয়াল মাধ্যমে হাজিরা দিতে হবে।