Bengaluru Blast Update: পরিচয় গোপন করে লুকিয়ে ছিল, কলকাতার উপকণ্ঠ থেকে NIA-র হাতে গ্রেফতার বেঙ্গালুরু ক্যাফে বিস্ফোরণকাণ্ডের ২ অভিযুক্ত – Bengali News | Bengaluru Blast Update: NIA Arrested 2 Main Accused of Bengaluru Cafe Blast from Near Kolkata
বেঙ্গালুরু বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্ত দুইজন।Image Credit source: TV9 বাংলা
কলকাতা: অবশেষে নাগালে এল বেঙ্গালুরু ক্যাফে বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্তরা। বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে আইইডি বিস্ফোরণে জড়িত দুই অভিযুক্তকে অবশেষে গ্রেফতার করল এনআইএ। জানা গিয়েছে, অভিযুক্ত দুই জন কলকাতার উপকণ্ঠেই লুকিয়ে ছিল। আজ তাদের গ্রেফতার করে এনআইএ।
গত মাসে বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে যে আইইডি বিস্ফোরণ হয়েছিল, তাতে মূল অভিযুক্ত ছিল আব্দুল মাথিন ত্বহা ও মুসাভির হুসেন সাজিব। বিস্ফোরণের পর থেকেই সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের খুঁজে বের করার চেষ্টা চলছিল। অবশেষে তাদের আজ গ্রেফতার করে এনআইএ।
জানা গিয়েছে, কলকাতার উপকণ্ঠেই লুকিয়ে ছিল দুই অভিযুক্ত। তারা পরিচয় গোপন করে থাকছিল। আজ এনআইএ, পশ্চিমবঙ্গ, তেলঙ্গানা, কর্নাটক ও কেরল পুলিশের যৌথ অভিযান করে অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করে।
সূত্রের খবর, মুসাভির হুসেন সাজিব নামক যুবককেই সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল। সে-ই ব্যাগে করে আইইডি বিস্ফোরক রেখে এসেছিল বেঙ্গালুরুর ওই নামকরা ক্যাফেতে। আব্দুল মাথিনএই বিস্ফোরণকাণ্ডের মাস্টারমাইন্ড। কীভাবে বিস্ফোরক রাখা হবে, কতক্ষণ বাদে বিস্ফোরণ হবে এবং তারপর কীভাবে মুসাভির পালিয়ে আসবে-যাবতীয় পরিকল্পনা করেছিল আব্দুলই।